ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। এ দাবিতে তারা গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় ও দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অতিসত্বর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান। একই দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।