ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ভবন ও ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস, পরীক্ষা চালুসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। বেলা ১১টায় প্রধান ফটকে ও দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাঁঠালতলা ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর ওই ভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতা ও প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালা খোলা হয়নি।
এর আগে গত রোববার থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ৬ দফা দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী ১১ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। চার দিনেও দাবি পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠেছে।
পুলিশ, শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলসহ আশপাশের কয়েকটি হল ও মেসের দেড় শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চালু, শিক্ষকদের ওপর হামলার ঘটনার বিচারসহ ১১ দফা দাবিতে প্রধান ফটকে তালা দেন ও বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা শিক্ষক লাউঞ্জে বৈঠক করতে যান। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ঢুকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে বেরিয়ে এসে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। সন্ধ্যা ছয়টায় উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের শুধু বের হওয়ার সুযোগ দেন। কিন্তু প্রধান ফটকে তালা দেওয়া থাকায় বিশ্ববিদ্যালয়ের বাস শহরে যেতে পারেনি। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের নিজ উদ্যোগেই বাসায় ফিরতে হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত) প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা ঝুলছে। শুধু কর্মকর্তা ও কর্মচারীদের বের হতে দেওয়া হয়েছে।
এদিকে বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে শিক্ষার্থীরা দ্রুত ক্লাস, পরীক্ষা চালুসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এরপর বিকেল পাঁচটায় উপাচার্যের কক্ষে শিক্ষক সমিতির বৈঠক শুরু হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘শিক্ষক সমিতির সুনির্দিষ্ট ৬ দফা দাবি নিয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে আমাদের কয়েক দিন ধরে কথা হচ্ছে। আমরা দাবি পূরণ হলেই ক্লাস ও পরীক্ষায় ফিরে যাব। এখনো বৈঠক চলছে।’
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষকদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতি শিক্ষক-শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে দ্রুত ক্লাস ও পরীক্ষা চালুর বিষয়ে উপাচার্যকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।