বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রলীগ ধস্তাধস্তির ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত মাৎস্যবিজ্ঞান অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। ধস্তাধস্তির ঘটনায় গঠিত তদন্ত কমিটির গতকাল বুধবার প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল।
কিন্তু তা জমা দেওয়া হয়নি। এ অবস্থায় গতকাল ওই অনুষদের শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি ওই অনুষদের শেষবর্ষের র্যাগডে উদ্যাপন উপলক্ষে গঠিত কমিটিতে শিবিরের এক কর্মীর নাম রাখা হয়। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কর্মীকে মারধর করেন।
একপর্যায়ে ওই কর্মী শিক্ষকদের কক্ষের দিকে ছুটে গেলে কয়েকজন শিক্ষক তাঁকে পেটাতে বাধা দেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয়। শিক্ষক-ছাত্রলীগ দুই পক্ষই লাঞ্ছিত হওয়ার অভিযোগ করে।
পরে ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে শিবিরের ওই কর্মীকে পুলিশের হাতে তুলে দেন প্রক্টর। শিক্ষকেরাও লাঞ্ছনার প্রতিবাদে ও দায়ী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারের দাবিতে ঘটনার পর থেকেই ক্লাস-পরীক্ষা নেওয়া স্থগিত রাখেন।
ধস্তাধস্তির ঘটনায় পশুপালন অনুষদের পশুপুষ্টি বিভাগের শিক্ষক আলী আকবরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু গতকাল তা জমা হয়নি।
অনুষদের ডিন ইদ্রিস মিয়া জানান, মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে গতকাল দুপুর ১২টার দিকে আয়োজিত শিক্ষকদের সভায় তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
সভায় শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক সমিতি কোনো পদক্ষেপ না নেওয়ায় নিন্দা জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান আলী আকবর বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও কিছু সময় প্রয়োজন।