ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ হত্যাকাণ্ডে সম্পূরক তদন্ত কমিটি করে আজীবন বহিষ্কার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি, সব আসামির নাম উল্লেখ করে মামলা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে।
দুই দিনের সরকারি ছুটির পর আগের ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। ১০টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
ক্লাস-পরীক্ষা বর্জনের পূর্বঘোষিত কর্মসূচি সত্ত্বেও কয়েকটি অনুষদে ক্লাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাঠদান চলাকালে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষকদের ক্লাস বন্ধ রাখার অনুরোধ করেন তাঁরা।
এ ছাড়া নিরাপত্তাহীনতায় ভোগার অভিযোগ এনে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অনুরোধ জানান শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল সকাল আটটার দিকে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
এদিকে সায়াদ হত্যাকাণ্ডের পর গত ২৫ দিনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে মাত্র তিন দিন পুরোপুরি ক্লাস হয়েছে। তবে সায়াদের অনুষদ মাত্স্যবিজ্ঞান অনুষদের ক্লাস হয়েছে মাত্র এক দিন।
গত ৩০ মার্চ ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের একটি কোর্সের একটি পরীক্ষা শিক্ষককে বলে পেছানোর জন্য মাত্স্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজকে চাপ দেন ছাত্রলীগের নেতা সুজয় কুমার কুণ্ডু ও কর্মী রোকনুজ্জামান। তাঁদের চাপে একপর্যায়ে তিনি পরীক্ষা হবে না বললেও পরীক্ষা হয় এবং এতে মাত্র দুজন অংশ নেন। শিক্ষক পুনরায় পরীক্ষা নিতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে সুজয়ের সঙ্গে সায়াদের বাগিবতণ্ডা হয়। এর জেরে পরদিন সন্ধ্যায় আশরাফুল হক হলের একটি কক্ষে সায়াদকে ডেকে নিয়ে রড ও স্টাম্প দিয়ে নির্মমভাবে পেটানো হয়। ওই রাতে সায়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১ এপ্রিল বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান সায়াদ।
সায়াদের মৃত্যুর পরদিন পালিয়ে যাওয়ার সময় সুজয় ও রোকনুজ্জামানকে ময়মনসিংহের ব্রিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।