এক ছাত্রকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। ওই ঘটনায় কোনো সমঝোতা না হওয়ায় গতকাল শিমুলতলী-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ ছিল।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঘটনার বিচারের দাবিতে গতকালের সব পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস বর্জন করে তাঁরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।গাজীপুর পরিবহনের পরিচালক নূরুল হক প্রথম আলোকে জানান, তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু সেটা অবশ্যই ক্যাম্পাসের বাইরে হতে হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনা ক্যাম্পাসের সামনে ঘটেছে। তা ছাড়া বাইরে নিরাপত্তাহীনতা ও অন্যান্য সমস্যা রয়েছে, তাই তাঁরা ক্যাম্পাসেই আলোচনায় বসতে চান।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুই পক্ষ একমত না হওয়ায় শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। আপাতত, ওই সড়কে বাস চলাচল বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু ক্লাস হয়েছে। তিনি বলেন, ‘আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনের স্টপেজে গাজীপুর পরিবহনের একটি গাড়ির চালকের সহকারী ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল সামাদকে গাড়ি থেকে ফেলে দেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি গাড়ি ভাঙচুর ও বিশ্ব-বিদ্যালয়ের সামনে পরিবহন কাউন্টারে আগুন ধরিয়ে দেন। আহত ছাত্র সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।