সায়াদ হত্যার বিচার দাবিতে ফের উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যার বিচারের দাবিতে আবারও ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে ফের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
গতকাল সকাল আটটার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় কিছু ক্লাস হলেও পরে আর কোনো ক্লাস হয়নি। এর আগে প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়ে পরীক্ষা না দেওয়ার শর্তে ক্লাসে ফিরেছিলেন শিক্ষার্থীরা।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে সব অনুষদের ক্লাস বন্ধ করতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদীয় ভবনে বিক্ষোভ মিছিল করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের তদন্ত কমিটির সিদ্ধান্তকে বহাল রেখে সম্পূরক তদন্ত করে সব খুনিকে শাস্তির আওতায় আনা, হত্যাকাণ্ডে জড়িত সব আসামির নাম উল্লেখ করে মামলা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতকাল সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গতকাল প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। গতকাল দ্বিতীয়বারের মতো ওই ভবন দুটিতে তালা দেওয়া হলো। শিক্ষার্থীরা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে করিম ভবন প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দাবি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করার হুমকি দেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল নয়টায় আবার প্রশাসন ভবন অবরোধ করার ঘোষণা দিয়ে গতকালের কর্মসূচি শেষ হয়।
এদিকে পরীক্ষা না দেওয়ার শর্তে ক্লাসে ফেরার পর কেন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হলো, এ বিষয়ে আজ বুধবার ডিন কাউন্সিলের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা কথা বলবেন বলেও জানা গেছে। শিক্ষক সমিতি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেও পরীক্ষার বিষয়ে তারা কিছু জানে না বলে শিক্ষার্থীদের জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল হাসান।
উপাচার্য মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমি যে পদক্ষেপ নিয়েছি, তা আর কোনো বিশ্ববিদ্যালয় কখনো নিতে পারেনি। এর পরও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকার পেছনে অন্য কোনো মহলের হাত থাকতে পারে।’
গত ৩১ মার্চ সন্ধ্যায় মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র সায়াদকে আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ১ এপ্রিল ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে সায়াদের মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পরদিন সুজয় কুমার ও রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ৯ এপ্রিল ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুঃখ প্রকাশ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি দুঃখ প্রকাশ করেছেন। গত সোমবার রাতে সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল হকের কাছে দুঃখ প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান। আরিফুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও প্রতিশ্রুতি দেন ছাত্রলীগের সভাপতি।