অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের প্রধান নিয়াজ আহমেদের ওপর হামলার ঘটনার বিচার ও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে তাঁরা এ ঘোষণা দেন।
আজ মঙ্গলবার দুপুরে নিয়াজ আহমেদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও মৌন মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়াজ আহমেদের ওপর হামলাকারীর সব সনদ বাতিল, আজীবন বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন হয়। সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন, তুলসী কুমার দাস, সমাজকর্ম সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাস প্রমুখ। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার না হওয়া পর্যন্ত বিভাগের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন ইসমাইল হোসেন। পরে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে হত্যা চেষ্টাকারীর সব সনদ বাতিলসহ আজীবন বহিষ্কার, রাষ্ট্রীয় আইনে হামলাকারীর সর্বোচ্চ শাস্তি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন প্রথম আলোকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের বর্জনের ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সকালে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ আহমেদকে তাঁর দপ্তরে ঢুকে কুপিয়ে জখম করেন একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ওয়েস আহমদ।