ক্লাস ফাঁকি দিয়ে নির্বাচনী প্রচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ৫২ জন। শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসছে, তাই প্রচার-প্রচারণাও বাড়িয়ে দিয়েছেন তাঁরা। লক্ষণীয় হলো, তাঁরা প্রচারকাজ করছেন স্কুল ছুটির পরে নয়, ক্লাস চলাকালেই। এতে অনেকটাই ভেঙে পড়েছে পুরো উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম। ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।এই চিত্র রংপুরের বদরগঞ্জ উপজেলার। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বদরগঞ্জ শাখার নির্বাচন হবে ২৫ ফেব্রুয়ারি। নির্বাচনে দুটি পরিষদ থেকে লড়ছেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষক। তাঁদের সঙ্গে প্রচারে যোগ দিয়েছেন আরও প্রায় ৫০ জন শিক্ষক। তাঁরা প্রতিদিন উপজেলার ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, সমিতির পদের সংখ্যা ৩১টি। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ২৬টি পদে নির্বাচন হবে। বাকি পাঁচটি সদস্য পদ কো-অপ্ট (কমিটির সদস্যদের ভোটে নতুন কাউকে সদস্য করা) করা হবে। নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে গত ২ ফেব্রুয়ারি। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩০ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এহসানুল হক ও হাবিবুর রহমান পরিষদ এবং আতিয়ার রহমান ও ওয়াহেদুজ্জামান পরিষদ। দুটি পরিষদকে ঘিরে শিক্ষকেরাও বিভক্ত হয়ে পড়েছেন।অভিযোগ পাওয়া গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্কুলে গিয়ে হাজিরা খাতায় সই করেই নির্বাচনী প্রচারকাজে বেরিয়ে পড়ছেন। অন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে তাঁরা স্কুলে স্কুলে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।গত ১২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে সরেজমিনে উপজেলার দক্ষিণ বাউচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মাঠে খেলছে। অফিসকক্ষে বসে আছেন সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী উপস্থিত থাকে দুই শতাধিক। শিক্ষকসংখ্যা ছয়জন। তাঁদের মধ্যে দুজন সহকারী শিক্ষক প্রশিক্ষণে গেছেন। সহকারী শিক্ষক হাবিবুর রহমান শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গত কদিন ধরে সকালে এসে হাজিরা খাতায় সই করে চলে যাচ্ছেন। আজও তাই করেছেন। তাঁর পক্ষে প্রচারণা চালাতে প্রধান শিক্ষক তোছাদ্দেক হোসেনও গেছেন।’বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, ‘হেড স্যার নাই। আইজ বাংলা বই পড়া হয় নাই।’ তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, ‘হাবিব স্যার ১৫ দিন থাকি ক্লাস নেয় না।’বটতলা গ্রামের অভিভাবক আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাহে, মাস্টারের ঘরোক সরকার চাকরি দেছে কি ভোট খেলবার জন্যে! িওমার কিসের ভোট-টোট। খালি স্কুলোত ফাঁকি দেওচে। দ্যাকেও না কাঁয়ো। কয়দিন থাকি দেখোচি বাচ্চারা খালি স্কুলের মাটোত খেলাওচে।’ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোছাদ্দেক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ভোটের সঙ্গে আমাদের মান-সম্মান জড়িত। তাই তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারকাজ চালাচ্ছি।’ তিনি বলেন, ‘ক্লাস না নেওয়ায় শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হচ্ছে। তার পরও ভোট পর্যন্ত একটু ছাড় তো দিতেই হবে।’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান বলেন, ‘ক্লাস বাদ দিয়ে প্রচারকাজ চালানোর কারণে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হচ্ছে। তবে আমাদের জেলা নেতারা বলেছেন, শিক্ষক সমিতি সরকারি নিবন্ধনভুক্ত। স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রচারকার্য চালানো বৈধ। শুধু আমি একাই ক্লাস চলাকালে প্রচারণা চালাচ্ছি না। প্রতিদ্বন্দ্বী ৫২ জন শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষকেরাও প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া উপায়ও নেই। কারণ ভোটাররা সবাই শিক্ষক। স্কুল চলাকালে না গেলে তাঁদের একসঙ্গে পাওয়া যায় না।’এ ছাড়া কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, অরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, শেখেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক শাহ, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক নির্বাচনে প্রার্থী হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বিদ্যালয়গুলোতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।’বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বী শিক্ষকদের ক্লাস ম্যানেজ করে অথবা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্কুল সময়ে প্রচারকার্য চালাতে বলেছি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান বলেন, ‘স্কুল ছেড়ে কোনো শিক্ষক নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘স্কুল ফাঁকি দিয়ে শিক্ষকদের নির্বাচনী প্রচারকাজ চালানোর অভিযোগ লোকমুখে আমিও শুনেছি। কিন্তু তাঁরা এটা কোনোভাবেই করতে পারেন না। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’