ক্লাস ফেলে থানার সামনে শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস ফেলে চট্টগ্রামের লোহাগাড়া থানার সামনে আজ সোমবার অবস্থান নেয় লোহাগাড়া উপজেলার হাজী মোস্তাক আহমদ উচ্চবিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করায় আজ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তারা থানার সামনে অবস্থান নেয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কেপায়েত উল্লাহ বলেন, শিক্ষক আশফাকুরের বিরুদ্ধে নাশকতা ও লোহাগাড়া থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জামায়াতের সক্রিয় একজন নেতা। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার শিক্ষক আশফাকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে গাড়িযোগে ওই স্কুলের প্রায় ৬০ জন শিক্ষার্থী থানার সামনে যায়। ওই সময় তাদের সঙ্গে স্কুলের চারজন শিক্ষকও ছিলেন। ওই সময় শিক্ষার্থীরা হইচই শুরু করে। খবর পেয়ে বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান থানার সামনে যান। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে চলে যেতে বলেন। তখন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকেরা থানা ত্যাগ করেন।
থানার সামনে অবস্থানের সময় জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের শিক্ষককে দেখতে এসেছেন তারা। একই কথা বলেন উপস্থিত শিক্ষকেরাও। ইউএনও ফিজনূর বলেন, যে শিক্ষকদের নেতৃত্বে ক্লাস ফেলে শিক্ষার্থীরা থানায় এসেছে, সে শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক হামিদুল হোসেন বলেন, কেন শিক্ষার্থীরা থানায় গিয়েছে-তা তিনি জানেন না। তাঁর স্কুলে প্রায় আড়াই শ জনের মতো শিক্ষার্থী আছে। তাই ক্লাস চালাতে সমস্যা হয়নি।