চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত শনিবার রাত ১০টার দিকে চুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ ক্লাস বর্জনের সিদ্ধান্ত হলগুলোতে নোটিশ দিয়ে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, চুয়েট ক্যাম্পাসে মিটিং-মিছিল, সমাবেশ করাসহ ব্যানার, পোস্টার লাগানোর ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এ ক্লাস বর্জন কর্মসূচি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার কোনো শিক্ষার্থীকেই ক্লাসে যেতে দেখা যায়নি। চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির ওপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য চুয়েট প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।’ ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা জানান, নোটিশের জন্য ক্লাস বর্জন করেনি, অন্য কারণ থাকতে পারে। ২০১১ সালের ১৬ মার্চ থেকে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যা এখনো বলবৎ রয়েছে।