ক্লাস বর্জনের ডাক
>সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে অধিভুক্ত হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। তাঁরা বলছেন, সাত কলেজের শিক্ষার্থীদের কারণে তাঁদের পরিচয় নিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
একই দাবিতে গত বৃহস্পতিবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন।
গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ, প্রশাসনিক ভবন ঘেরাও এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের চারপাশের রাস্তা অবরোধ করে এই দাবির কথা জানান। ঘণ্টাখানেক অবরোধ শেষে তাঁরা আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জনের ডাক দিয়ে অবরোধ তুলে নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ঢাকা মেডিকেলগামী একাধিক অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকতে দেখা যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই এই সাত কলেজ আগে যেমন ছিল, এখনো এভাবেই থাকবে। এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ করেন কয়েক শ শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই বিক্ষোভ হয়। শিক্ষার্থীরা ‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগত মুক্ত’, ‘সাত কলেজ মুক্ত ঢাবি, হাজারো শিক্ষার্থীর প্রাণের দাবি’, ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’, ‘সাত কলেজ বেমানান, রাখতে ঢাবির সম্মান’, ‘অধিভুক্ত মুক্ত কর, ঢাবির মান রক্ষা কর’, ‘আমরা শুধু আমরাই, অন্য কারও ঠাঁই নাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
পরে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় কার্যালয়ের ফটক বন্ধ ছিল। শিক্ষার্থীরা বাইরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, সাত কলেজের যেসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে চলে, সেগুলো চলবে না।
কিন্তু উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীরা আশ্বস্ত না হয়ে বেলা দেড়টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের দিকে যান। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে রাস্তায় বাঁশ ফেলে চলাচলের পথ বন্ধ করে দেন। কয়েকজন রাজু ভাস্কর্যের সামনে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে তিনটা পর্যন্ত এই অবরোধ চলে। পরে ক্লাস বর্জনের কর্মসূচি দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর অংশ হিসেবে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ ফেসবুকে এর বিরোধিতা শুরু করে। ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে একটি ইভেন্ট খোলা হয়। এখানে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের অধিভুক্তির পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবনতি ঘটছে। সাত কলেজের দেড় লাখ শিক্ষার্থীর জন্য প্রশ্নপত্র প্রণয়ন করা, উত্তরপত্র দেখা, সাক্ষাৎকার নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সমস্যাগুলো নিয়ে ফেসবুকে কথা বলছেন। বাড়িতে গিয়ে শুনতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে কোনো একটা কলেজের শিক্ষার্থীর কোনো পার্থক্য নেই। টিউশন পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবমাননাকর।