ক্লাস বারান্দায়, বিদ্যালয়ের ভেতরে বাসাবাড়ির ময়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের ভেতর বাসাবাড়ির ময়লার স্তূপ  প্রথম আলো
বিদ্যালয়ের ভেতর বাসাবাড়ির ময়লার স্তূপ প্রথম আলো

রাজধানীর ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে বারান্দায়ও ক্লাস করতে হচ্ছে শিশুদের। শিক্ষকের সংখ্যাও কম। আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে স্কুলের ভেতরে। এসব কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের সমস্যা হচ্ছে।
এই স্কুল থেকে সচিবালয়ে অবস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দূরত্ব প্রায় পৌনে এক কিলোমিটার। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারকেরা তাঁদের কার্যালয় থেকে সামান্য দূরত্বের এই স্কুলটির সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছেন না।
গত রোববার ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়টির বিভিন্ন সমস্যা দেখা যায়। ফকিরেরপুলের আমপট্টি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথটিও বেশ সরু। ঘিঞ্জি পরিবেশে অবস্থিত বিদ্যালয়ের ফটকে প্রবেশ করতেই দেখা যায় বিশাল ময়লার স্তূপ। বিদ্যালয়টির ভেতরের বিভিন্ন জায়গায় ফেলা এসব ময়লা একসঙ্গে করে রাখা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনই আশপাশের বাসাবাড়ির ময়লা বিদ্যালয়ের ভেতরে ফেলা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। অবস্থা এমন পর্যায়ে গেছে, বাধ্য হয়ে বিদ্যালয়ের বারান্দার একটি অংশ কর্তৃপক্ষ ঢেকে দিয়েছে।

শুধু ময়লা-আবর্জনা নয়, বিদ্যালয় ঘেঁষে বসানো হয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এ ছাড়া বিদ্যালয়ের আশপাশে নানা ধরনের দোকানপাট রয়েছে। ভিড়-বাট্টা লেগেই থাকে।

১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো এটিও সরকারীকরণ করা হয়। ২০০২ সালে দোতলা ভবন হয়। এই ভবনে বর্তমানে শ্রেণীকক্ষ আছে পাঁচটি। কিন্তু প্রাক-প্রাথমিক মিলিয়ে বিদ্যালয়ে শ্রেণীর সংখ্যা এখন ছয়টি। ফলে একটি কক্ষের অভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বারান্দায় ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।

৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এমনিতেও জায়গা নেই। এত দিন বারান্দায় শিক্ষার্থীরা সামান্য নিঃশ্বাস নেওয়ার জায়গা পেলেও এখন সেই সুযোগও কার্যত বন্ধ। এর বাইরে আশপাশে কোনো খালি জায়গা নেই। মাঠও নেই। এতে করে অ্যাসেম্বলি করতেও সমস্যা হয়। তাজুল ইসলাম নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্র প্রথম আলোকে বলে, ‘আমরা খেলতেও পারি না। খালি ক্লাস করতে পারি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক পিয়ারা আক্তার বলেন, শ্রেণীকক্ষ বাড়ানো খুবই দরকার। বিদ্যালয়ের ভবন পাঁচতলা ভিত্তির ওপর, সে ক্ষেত্রে ঊর্ধ্বমুখী করে শ্রেণীকক্ষ বাড়ানো সম্ভব। তিনি জানান, বর্তমানে তিনিসহ শিক্ষক আছেন সাতজন। এখানে কমপক্ষে আরও দুজন শিক্ষক প্রয়োজন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কোনো কারণে একাধিক শিক্ষক ছুটিতে গেলেই ক্লাসের সমস্যা হয়। একজন শিক্ষক জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ২৩০ ছাত্রছাত্রী আছে, যার অধিকাংশই শ্রমজীবী পরিবারের সন্তান। বিদ্যালয়টি থেকে এবার একজন ছাত্রী প্রাথমিক বৃত্তি পেয়েছে। সুযোগ-সুবিধা পেলে আরও ভালো করা সম্ভব।

জানতে চাইলে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ফাতেমা জামানও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘আমরা পরিবেশ উন্নত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। পরিবেশ উন্নয়নের জন্য শিগগিরই আশপাশের লোকদের নিয়ে সভা করা হবে। শিশুদের জন্য আমরা সবার সহযোগিতা চাই।’