আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। কলেজের এডুকেশন ইউনিটের সেমিনার হলে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মতবিনিময় চলাকালে জ্যেষ্ঠ চিকিৎসকেরা পাঠদান ও রোগী দেখা বন্ধ রাখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্যেষ্ঠ চিকিৎসকদের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগী দেখার কার্যক্রম (রাউন্ড) শুরু হয় সকাল সাড়ে ১০টা-১১টার দিকে। মেডিকেল কলেজে ক্লাস শুরু হয় সকাল নয়টা থেকে। জানা গেছে, আওয়ামী লীগের নেতার সঙ্গে মতবিনিময়ের জন্য আগাম জারি করা বিজ্ঞপ্তিতে শুধু বিভাগীয় প্রধানদের ডাকা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সহযোগী ও সহকারী অধ্যাপকেরাও উপস্থিত ছিলেন। সভায় কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পদোন্নতিসহ বিভিন্ন সমস্যাসম্পর্কিত একটি প্রস্তাবনা আওয়ামী লীগের নেতার কাছে জমা দেন। অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা সাংবাদিক, পেশাজীবী, বিশেষজ্ঞ কিংবা সরকারের অংশ হিসেবে যেকোনো ব্যক্তির সঙ্গে মতবিনিময় করতে পারি। এতে দোষের কিছু নেই। বদিউজ্জামান দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় তাঁর কাছে কলেজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেছি।’ ক্লাস চলাকালে এবং রোগী দেখার সময় এ ধরনের মতবিনিময় সভা আহ্বান সম্পর্কে কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমি তো শুধু বিভাগীয় প্রধানদের ডেকেছি। অন্যরা এলে আমি কী করতে পারি?’মতবিনিময় সভায় উপস্থিত প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম বলেন, ‘সভায় বিভাগীয় প্রধানেরাসহ আমরা প্রায় ১০০ চিকিৎসক ছিলাম। বিভাগীয় প্রধানদের বৈঠক হলেও শিক্ষক সমিতির প্রতিনিধি ও অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সভায় একটি টমোথেরাপি মেশিনের বিষয়ে আলোচনা হয়।’সূত্র জানায়, মতবিনিময়ে কলেজের প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল আলম, বিএমএর সাধারণ সম্পাদক ও শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক মুজিবল হক খান, সহকারী অধ্যাপক নূর হোসেন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান আগামী ১৩ এপ্রিল বেলা ১১টায় এডুকেশন ইউনিটে কলেজের সম্মানিত সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। এতে সব বিভাগীয় প্রধানকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।’ বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ ও সচিবের স্বাক্ষর ছিল।সভায় বদিউজ্জামান প্রণীত ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, স্বাস্থ্যসেবায় দিনবদলের গর্বিত দুই বছর’ শীর্ষক একটি সুভ্যেনির বিতরণ করা হয়। এতে স্বাস্থ্য খাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দুই বছরের বেশ গুণগান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন শিক্ষক বলেন, ‘হাসপাতাল ও কলেজ চলাকালে চিকিৎসকদের নিয়ে দলীয় নেতার সভা বলে দিচ্ছে স্বাস্থ্যসেবায় কীভাবে দিনবদল শুরু হয়েছে!’