
দুই মাস ধরে দেশের সব মেডিকেল কলেজে প্রথম বর্ষের পাঠদান চলছে। কিন্তু রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখনো জানেন না কবে তাঁদের ক্লাস শুরু হবে। রাঙামাটিতে মেডিকেল কলেজ চালু করা নিয়ে জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বা অন্য কোনো কলেজে অস্থায়ী ভিত্তিতে পাঠদান শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কলেজের প্রথম ব্যাচের ৫১ শিক্ষার্থীর মধ্যে ২০ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রথম বর্ষের শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্তী। এ সময় অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজসহ ১১টি নতুন মেডিকেলের উদ্বোধন করেন। অথচ অন্যান্য মেডিকেল কলেজে ১১ জানুয়ারি থেকে পাঠদান শুরু হলেও রাঙামাটি মেডিকেলে ক্লাস শুরু হয়নি।
এতে বলা হয়, অন্যান্য মেডিকেল কলেজে ছয়-সাতটি কার্ড ও আইটেম পরীক্ষা শেষ হয়েছে। এভাবে আর কিছুদিন চললে রাঙামাটি মেডিকেলের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যেতে পারে। এ অবস্থায় অন্য কোনো কলেজে অস্থায়ী ভিত্তিতে পাঠদান অথবা স্থায়ীভাবে শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তোলা হয়। তা না হলে কঠোর আন্দোলন শুরু করা ছাড়া উপায় থাকবে না।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মধ্যে নাজমুচ ছাহার, ইলতেজা তাবাসসুম, শাহরিন সুলতানা, আফিয়া আয়মান, মিথিলা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
শওকত আলী নামের এক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ছেলেমেয়েদের লেখাপড়া করতে পাঠিয়েছি। কিন্তু এখনো যদি ক্লাস শুরু না হয় তাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।’
সংবাদ সম্মেলনের পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।