ক্লাস শুরুর আগে খসে পড়ল কক্ষের ছাদের পলেস্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলেস্তারা খসে পড়া ছাদের অংশ l প্রথম আলো
পলেস্তারা খসে পড়া ছাদের অংশ l প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ক্লাস শুরুর আগে গতকাল সোমবার শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। তবে এতে কেউ আহত হননি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবায়োলজি বিভাগের পুরোনো ভবনের ২ নম্বর কক্ষে ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ ছাদের ফ্যানের পাশের পলেস্তারার একটি বড় অংশ খসে পড়ে। এতে বিকট শব্দ হয়। পলেস্তারার খণ্ডটি নিচে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে যায়। ফ্যানের বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে অগ্নিস্ফুলিঙ্গেরও সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা দ্রুত কক্ষটি ত্যাগ করেন। এ ঘটনার পর উপাচার্য ফারজানা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে কক্ষটি সংস্কারের নির্দেশ দেন।
বিভাগের সভাপতি মোহাম্মদ শাহেদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে পড়েছিল। দুর্ঘটনাও ঘটতে পারত। কিন্তু ভাগ্য ভালো যে ঘটেনি।’
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সাময়িকভাবে শ্রেণিকক্ষটি সংস্কারের জন্য প্রকৌশল কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।