নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষক ক্লাসে না আসাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে তাঁদের মুক্ত করে।
কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০০৮ সালের পর থেকে কলেজটিতে চরম অরাজকতা চলছে। শিক্ষকেরা নিয়মিত ক্লাসে আসেন না। প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন খাতের নাম করে যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়, সেগুলো শিক্ষার উন্নয়নকাজে ব্যয় করা হয় না।
অধ্যক্ষ কবিরুল ইসলাম ক্লাস না হওয়ার ব্যাপারে বলেন, দ্বিতীয় বর্ষে ছাত্ররাই ক্লাসে আসে না, সে জন্য ক্লাস হয় না। আর সাংস্কৃতিক অনুষ্ঠান সাবেক মেয়রের সময় দুবার করা হয়েছে। আর খেলাধুলার জায়গা তাঁদের নেই।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ে তালা দেওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তালা খোলার ব্যবস্থা করা হয়।