ক্লাসসহ সব কার্যক্রম শুরু, ভর্তি কমিটির সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস অচলাবস্থার পর গতকাল রোববার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য আজ সোমবার সকালে ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো দ্রুত শুরু করতে সময়সূচি ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের আন্দোলন থামান। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ক্যাম্পাসে যান বলে ছাত্রলীগকে জানান। ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের মুখে কোনো উপাচার্যকে অপসারণ আমি সমর্থন করি না। উপাচার্য নিয়োগ ও সরানোর প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়া আমাদের অনুসরণ করতে হয়।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরে উপাচার্যের কার্যালয় ও বাসভবনের তালা খুলে দিতে ছাত্রলীগকে নির্দেশ দেন। শনিবার রাতেই ছাত্রলীগ নেতারা তালা খুলে দেন। ২১ দফা দাবিতে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। পরদিন ১৪ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে ছাত্রলীগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রাবাসে অবস্থান নেয়। এ সময় তাঁরা ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রাখে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩ এপ্রিল ক্যাম্পাস খুলে দেওয়া হয়। ৪ এপ্রিল থেকে শুরু হয় ক্লাস। ছাত্রলীগ উপাচার্যের কার্যালয় ও বাসভবনে তালা ঝুলিয়ে দিলে শিক্ষক ও কর্মকর্তারা লাগাতার আন্দোলনের হুমকি দেন।