ক্লাসে আর বেত নিয়ে প্রবেশ করবেন না সেই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানো সেই শিক্ষক আর কখনো ক্লাসে বেত না নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তাঁর আচরণের জন্য অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয়ের বাংলা ক্লাসে ভুল উচ্চারণের অভিযোগে তিনি ১২ শিক্ষার্থীকে বেধড়ক পেটান। এ ঘটনায় ওই শিক্ষার্থীদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশও করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোওয়াব মিয়া প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের পেটানোর জন্য অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করে শিক্ষক আশরাফুল আলম হিরণ বলেন, আর কখনো ক্লাসে বেত নিয়ে প্রবেশ করবেন না।’ মোগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক জানান, ক্লাসে বেত ব্যবহার না করতে সব শিক্ষককে আগেই নিষেধ করা হয়েছিল। তবে ওই শিক্ষক জানিয়েছেন, তিনি রাগের মাথায় এমন করেছিলেন।