ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের মতো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে আগের মতোই নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশ নিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে গত ১ মার্চ শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সইয়ে জারি করা পরিপত্রটিও বাতিল করা হয়। পাঁচ মাস আগে জারি করা ওই পরিপত্রে পাবলিক পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ কিন্তু ৭০ শতাংশ উপস্থিতি ছিল এমন শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসা-প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল।
গতকাল সহকারী সচিব অসীম কুমার কর্মকারের সই করা আদেশে বলা হয়, ওই নির্দেশনা-সংবলিত পরিপত্র জারির পর শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।