ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাস পর আবারও ক্লাসে ফিরতে শুরু করেছেন। গতকাল রোববার দুটি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমে অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানিয়েছে, গতকাল কৃষি অনুষদ ও মাত্স্যবিজ্ঞান এই দুটি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভূঞা বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করায় সব ধরনের অচলাবস্থা দূর হয়ে যাচ্ছে। আশা করছি, আগামীকাল (আজ সোমবার) সব ব্যাচের শিক্ষার্থীরা যথারীতি ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন।’উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ জানুয়ারি ৩৬ শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা দায়েরের পাশাপাশি ২৩ জানুয়ারি ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রলীগের নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের পাশাপাশি ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চলছে।