হরতাল-অবরোধেও চট্টগ্রাম নগর থেকে ক্যাম্পাস রুটে দিব্যি চলাচল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেন। কিন্তু হরতাল-অবরোধের জের ধরে প্রায় তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক বিভাগ ও ইনস্টিটিউট ছাড়া কোনোটিতেই হচ্ছে না ক্লাস-পরীক্ষা। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে বিরাজ করছে অস্থিরতা, শিক্ষাজটে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
এদিকে হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও উপাচার্যের কাছে হরতাল-অবরোধেও নিয়মিত ক্লাস-পরীক্ষার দাবি ও শিক্ষাজট থেকে মুক্তির দাবিতে স্মারকলিপি দেন।
গত বছর ঘোষিত ও অঘোষিত ছুটি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি ২১৮ দিন। দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা দিনে দিনে শিক্ষাজটে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত বছরের নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে হরতাল-অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ছাড়া কোনোটিতেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তাঁরা প্রথম আলোকে বলেন, ‘রাজধানী ঢাকায় অবস্থান হওয়া সত্ত্বেও ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হরতাল ও অবরোধে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে হরতাল-অবরোধে ক্লাস পরীক্ষা হচ্ছে না। এর ফলে আমরা শিক্ষাজটে পড়ে যাচ্ছি। এ থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। কিন্তু কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছি না।’
এদিকে গতকাল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এই কর্মসূচিতেও শিক্ষার্থীরা বলেন, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট শিক্ষাজটের মুখে পড়বে। তাঁরা এই অভিশাপ থেকে মুক্তি চান। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে পারলে এখানে সমস্যা কোথায়?
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিসংবলিত শিক্ষার্থীদের একটি স্মারকলিপি আমি পেয়েছি। হরতাল-অবরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা নিতে চাইলেও বাস্তবতা খুবই কঠিন। আসলে হরতাল-অবরোধে শিক্ষকেরা নগর থেকে ক্যাম্পাসে আসতে পারেন না।
শাটল ট্রেন চলাচল করলেও খুব কম শিক্ষার্থীই ক্যাম্পাসে আসেন। এর ফলে ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হয় না। তবু বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলে হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেওয়া যায় কি না, দেখি।’
আনন্দ মিছিল: দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসনে নিরঙ্কুশ বিজয়কে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন-সমর্থিত নেতা-কর্মীদের এ মিছিল বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, আরমান হেলালী, যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, নূর মো. নাজমুল, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, মো. নাজমুল হোসেনসহ আ জ ম নাছির উদ্দিন-সমর্থিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।