ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ হত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা না দেওয়ার শর্তে গতকাল বুধবার ক্লাসে ফিরেছেন। তবে ক্লাস হয়নি মাৎস্যবিজ্ঞান অনুষদে। সায়াদ এ অনুষদের শিক্ষার্থী ছিলেন। এদিকে গতকালও সায়াদ হত্যাকারীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ডিন কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় হত্যার ঘটনায় গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও খুনিদের সবাইকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখার শর্তে ক্লাসে ফিরতে রাজি হন আন্দোলনকারীরা।
পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, আন্দোলনের কারণে আপাতত বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত রয়েছে।
ক্লাস হয়নি মাৎস্যবিজ্ঞানে: মঙ্গলবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিভিন্ন অনুষদের ক্লাস হলেও মাৎস্যবিজ্ঞানে কোনো ক্লাস হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি সায়াদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের উপদেষ্টা, একই বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আশরাফুল হক হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করে এসব পদ পূরণ এবং প্রক্টরিয়াল বডিকে অব্যাহতি দিতে প্রশাসনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। দাবি আদায় না হওয়ায় শিক্ষকেরা ক্লাস নেননি বলে শিক্ষার্থীরা জানান।
বিক্ষোভ-সমাবেশ চলছে: বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সঞ্চৃতি সঞ্চারক বিজয় ’৭১-এর পাদদেশে সায়াদ হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সব খুনিকে উপযুক্ত বিচারের আওতায় না আনা পর্যন্ত পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
উপাচার্যের প্রেস ব্রিফিং: চলমান পরিস্থিতি নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপাচার্য মো. রফিকুল হক। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা একের পর এক দাবি করছেন। তাঁদের অধিকাংশ দাবি পূর্ণ হয়েছে। ক্লাস-পরীক্ষাকে জিমিঞ্চ করে কোনো দাবি আদায় হয় না।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণ করা হবে। শিক্ষার্থীরা ক্লাস করতে চাইলেও কিছু শিক্ষক ক্লাস নিচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। দোষীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।