শিক্ষার্থীরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে, দাবি ডিএসসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা (স্কুল-কলেজ) রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবির কথা জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, নগরের ট্রাফিক ব্যবস্থাপনা সমস্যা ও উন্নয়ন সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজের কথা জানতেই এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। আন্দোলনের নয় দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তারা। এ ছাড়া ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আহ্বানেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারাও শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।