ক্লাসে যাওয়া হচ্ছে না জান্নাতুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল নাঈমা
জান্নাতুল নাঈমা

১৭ বছরের জান্নাতুল নাঈমার কলেজে ভর্তির বিষয়টি সহজ ছিল না। তার সমস্যাগুলোর কথা জেনে কলেজ কর্তৃপক্ষ ভর্তিতে রাজি হয়নি। জান্নাতুল কলেজে ভর্তি হতে পারবে না জেনে চুপসে যায়। মেয়ের কষ্ট মেনে নিতে পারেননি মা মাসুদা আহমেদ। তিনি দৌড়ঝাঁপ চালিয়ে যান। অবশেষে মায়ের অনেক চেষ্টা আর কর্তৃপক্ষের সহযোগিতায় সাইকি পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় জান্নাতুল। কর্তৃপক্ষ তার জন্য প্রয়োজনীয় শৌচাগার এবং লিফটের ব্যবস্থাও করেছে।
কিন্তু কলেজে যেতে পারছে না। কারণ, সে রিকশা বা বাসে চলাচল করতে পারে না। আবার অভিভাবকের পক্ষে সম্ভব নয় সিএনজিচালিত অটোরিকশায় রোজ ইনস্টিটিউটে আনা-নেওয়া করা। আর ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করার চিন্তা করাও বিলাসিতা। পাশাপাশি আরেকটি অস্ত্রোপচারের জন্য টাকাও জমাতে হচ্ছে। এই সমস্যায় ক্লাস করা হচ্ছে না মেয়েটির। অথচ আগামী ৬ ডিসেম্বর থেকে তার প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা।
সন্তানের গুটিগুটি পায়ের এলোমেলো হাঁটার ক্ষণ প্রত্যেক মায়ের প্রিয় স্মৃতি। কিন্তু হাঁটার বয়স পেরিয়ে গেলেও হাঁটছিল না জান্নাতুল। চিন্তায় মায়ের রাতে ঘুম হয় না। অবশেষে তিন বছর বয়সে মেয়েটি হাঁটতে শুরু করে। তবে সে হাঁটা স্বাভাবিক ছিল না, পায়ের তালুতে ভর দিয়ে হাঁটা।
মা মাসুদা আহমেদ দুশ্চিন্তায় পড়ে যান। জান্নাতুলকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে। কিন্তু চিকিৎসক বুঝতেই পারেননি ছোট্ট শিশুটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মাসুদা আহমেদের ভাষায়, ভুল চিকিৎসা আর চিকিৎসকের অবহেলায় জান্নাতুল একা হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে। পরগাছার মতো অন্যকে আঁকড়ে ধরে অথবা ওয়াকারের সাহায্যে এখন জান্নাতুলকে চলাফেরা করতে হয়।
সেরিব্রাল পালসি মস্তিষ্কজনিত রোগ হওয়ায় জান্নাতুলের স্মৃতিশক্তি কম। তাই মেয়েটির শিক্ষাজীবনও বেশ সংগ্রামের। শিক্ষকদের সহযোগিতায় পাঁচ বছর বয়সে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মেয়েটি বিদ্যালয়ে পা রাখে।
স্কুলের সব শিক্ষার্থী যখন ছুটে বেড়ায়, শান্ত স্বভাবের জান্নাতুল তখন দাঁড়িয়ে সে দৃশ্য দেখে। স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় পড়া শিখতে বেশ ভোগান্তি পোহাতে হতো। একটি পড়া বারবার পড়তে হতো। এ কাজটিও জান্নাতুল নিজে নিজে করতে পারেনি। এ জন্য জান্নাতুলের মা প্রথমে নিজে পড়াগুলো আত্মস্থ করতেন। পরে খেলার ছলে পড়াটা শিখিয়ে দিতেন। এভাবেই জান্নাতুল পিইসি, জেএসসি ও এসএসসি পাস করে।
এ পর্যন্ত জান্নাতুলের পায়ে আটবার অস্ত্রোপচার করতে হয়েছে। দেশে ও দেশের বাইরে চিকিৎসা করাতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। অবশ্য স্বয়ং প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও আর্থিক অনুদান দেওয়া হয়েছিল।
জান্নাতুল বলে, ‘আমি ইনস্টিটিউটে যেতে পছন্দ করি। কিন্তু ক্লাস করতে পারছি না। তবে বাসায় পড়ছি। কেবল মায়ের জন্যই আমি পড়ি।’
চতুর্থ শ্রেণিপড়ুয়া ছোট বোন খাতুনে জান্নাতের সঙ্গেই বেশির ভাগ সময় কাটে জান্নাতুলের। জান্নাতুলের ছবি আঁকার হাত ভালো। বেশ কিছু পুরস্কারও পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এক অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছে বিশেষ পুরস্কার। ২০১৪ সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে জান্নাতুলের আঁকা দুটি ছবি প্রদর্শিত হয়।
জান্নাতুল বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আঁকা ছবির প্রশংসা করেছেন এবং তাকে বুকে টেনে নিয়েছেন। এটা তার জীবনের অন্যতম ঘটনা। জান্নাতুল স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার, চিত্রকলার শিক্ষক।
জান্নাতুলের স্বপ্নপূরণ কতটা কঠিন তা ভেবে চোখের পানি ফেলেন মা মাসুদা আহমেদ। তবে দমে যান না। নতুন করে আশায় বুক বাঁধেন আর খুঁজে ফেরেন মেয়ের স্বপ্নপূরণের উপায়।