ক্লাসের দাবিতে তালা
নিয়মিত ক্লাসের দাবিতে রাজশাহীর বাগমারার আলোকনগর মহিলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে গতকাল মঙ্গলবার তালা ঝুলিয়ে দেয় ছাত্রীরা। পরে ব্যবস্থাপনা কমিটির সভাপতির আশ্বাসে ছাত্রীরা তালা খুলে দেয়। কলেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে কলেজের স্কুল শাখার ছাত্রীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে কক্ষের সামনে অবস্থান নেয়। ছাত্রীরা নিয়মিত ইসলামধর্ম ক্লাস করার দাবি জানায়। খবর পেয়ে বেলা ১১টার দিকে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান সেখানে যান। তিনি আগামীকাল (বুধবার) থেকে নিয়মিত ক্লাস হবে বলে আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে দেয়। ছাত্রীরা অভিযোগ করে, গত ছয় মাসেও তাদের ইসলামধর্ম ক্লাস হয়নি। ওই বিষয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ক্লাস নিচ্ছেন না। তবে আশরাফুল ইসলাম বলেন, ‘আমি নিয়মিত বিদ্যালয়ে থাকি। তবে আমার বিরুদ্ধে একটি তদন্ত চলায় আমি ক্লাস নিই না।’কলেজের অধ্যক্ষ জোবান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এমন ছোটখাটো ঘটনা ঘটেই থাকে।’