ক্লাসের দাবিতে মাদ্রাসায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে জামালপুরের সরিষাবাড়ী আরামনগর কামিল মাদ্রাসায় চার দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। গত শনিবার সকালে ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের বাসভবন ভাঙচুর করে। গতকাল রোববারও ওই প্রতিষ্ঠানে ক্লাস হয়নি।
মাদ্রাসা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা সদরে অবস্থিত আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হুদা আবেদী ও অন্য শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে বুধবার থেকে শিক্ষকেরা পাঠদান করছেন না। শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলেও শিক্ষকেরা আসেননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হুদা আবেদীর বাসভবন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবম শ্রেণীর শিক্ষার্থী মাসুদ মিয়া, নূরে আলম, সাজেদুল জানায়, সামনে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব থাকায় পাঠদান করা হচ্ছে না। মাদ্রাসার প্রভাষক শাহজাহান সিরাজী বলেন, ‘বেতন-ভাতা না দেওয়ায় পাঠদান বন্ধ রেখেছি।’
উপাধ্যক্ষ আব্দুর রশিদ জানান, অধ্যক্ষ ও শিক্ষকদের দ্বন্দ্বের ঘটনায় শিক্ষার্থীরা মাদ্রাসায় ভাঙচুর করে।
অধ্যক্ষ মাওলানা নূরুল হুদা আবেদী বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি অযৌক্তিক। তাঁদের উসকানিতে শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ জানান, এ ব্যাপারে তদন্ত করে দোষী শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।