ক্লাসের বদলে কোচিং
রাজশাহীর সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হয়েছে। তবে অভিযোগ রয়েছে, রাজশাহী সরকারি সিটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাস না নিয়ে টাকার বিনিময়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী এখন কলেজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা নির্ধারিত ফি নিয়ে নিয়মিত ক্লাসের সময়ের আগে অথবা পরে অতিরিক্ত ক্লাস করাতে পারবেন। এ বাবদ আদায়কৃত অর্থের ১০ শতাংশ কলেজে জমা দিতে হবে।জানা গেছে, রাজশাহীর বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাস মে মাসে শুরু হয়। রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী সরকারি মহিলা কলেজে এখন অতিরিক্ত ক্লাস চলছে। তবে রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজে এখনো দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাস পুরোদমে চলছে। তবে রাজশাহীর সরকারি কলেজগুলোর মধ্যে একেবারেই ব্যতিক্রম রাজশাহী সরকারি সিটি কলেজ। শিক্ষার্থীদের অভিযোগ, এই কলেজে দ্বিতীয় বর্ষের কোনো ক্লাসই নেওয়া হয়নি। ঘটা করে অতিরিক্ত ক্লাসের আয়োজন করা হয়েছে। কলেজের ছাত্রপ্রতি ৮০০ টাকা করে নিয়ে এই ক্লাসের আয়োজন করা হয়েছে। সরকারি কলেজগুলোতে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস রুটিন রয়েছে। গত সোমবার দুপুর পৌনে একটার দিকে ওই কলেজে গিয়ে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ওই সময় কলেজে ঢুকছে। জানতে চাইলে একজন শিক্ষার্থী বলে, সে অতিরিক্ত ক্লাস করতে যাচ্ছে। কলেজের দ্বিতীয় বর্ষের ক্লাস হয়েছে কি না জানতে চাইলে সে বলে, ‘হচ্ছিল না তো।’ কেন হচ্ছিল না? শিক্ষকেরা নিচ্ছিলেন না, নাকি ছাত্ররাই আসছিল না। জবাবে সে বলে, ‘দুটোই ঠিক।’ কত নম্বর কক্ষে এই ক্লাস নেওয়া হচ্ছে জানতে চাইলে সে ২১৪ নম্বর কক্ষের কথা বলে। ওই কক্ষের সামনে গিয়ে দেখা যায়, সেখানে একজন শিক্ষক আছেন। শিক্ষার্থীরা কলেজের পোশাক ছাড়া অন্য পোশাক পরে এসেছে। কী ক্লাস হচ্ছে জানতে চাইলে ওই শিক্ষক বলেন, এটা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস। ২০৮ নম্বর কক্ষেও এই ক্লাস নেওয়া হচ্ছে। ওই সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হচ্ছিল। প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, তাদের ক্লাস শেষ হতে না হতেই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়েছে।কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাস হয়েছে। যে শিক্ষার্থী ক্লাস হয়নি বলে অভিযোগ করেছে, সেই শিক্ষার্থী নিজেই কলেজে আসে না, ক্লাস করে না। তিনি আরও বলেন, অতিরিক্ত ক্লাস নিয়মিত ক্লাসের সময়ের পরেই নেওয়া হয়। ১২টা ৪০ মিনিট থেকে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে জানালে তিনি বলেন, না, এটা হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, পরের দিন মঙ্গলবার থেকে ওই কলেজে বেলা দুইটায় এই ক্লাস চলছে।