ক্লাস-পরীক্ষা নিয়ে উপাচার্যের সঙ্গে ডিসি ও এসপির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ওই বৈঠক হয়।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস হোসেনকে বহিষ্কারের প্রতিবাদে গতকালও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেননি তাঁর অনুসারী নেতা-কর্মীরা।
উপাচার্য আলী আশরাফের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। এতে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের কাছে যে ধরনের সহযোগিতা চায়, পুলিশ প্রশাসন সে ধরনের ব্যবস্থা নেবে।
বৈঠকে উপাচার্য বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্ররাজনীতিমুক্ত। বিষয়টি আমরা সামনের সিন্ডিকেটে উত্থাপন করব। বহিরাগতদের ব্যাপারে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। শিগগিরই পুরোদমে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কণ্ডু গোপীদাস, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মোহাম্মদ আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ এপ্রিল দুপুরে র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা কোটবাড়ীর শালবন জাদুঘর এলাকার একটি পিকনিক স্পট থেকে ছাত্রলীগ নেতা ইলিয়াসকে আটক করে। এরপর অস্ত্রসহ তাঁকে থানায় সোপর্দ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ।