অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবিতে দেশের সবগুলো সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে টানা দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা (মূলত কলেজশিক্ষক)। গতকাল শনিবার কর্মবিরতির প্রথম দিনে ঢাকাসহ দেশের সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন গতকাল ও আজ রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূলত কর্মবিরতির কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, সারা দেশের সব কলেজেই শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। যেহেতু প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছেন, সে জন্য তাঁরা আশা করছেন তাঁদের দাবিও পূরণ হবে। তবে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া হতে পারে। ঈদের পর ১৮ অক্টোবর শিক্ষা ভবনে তাঁদের অবস্থান কর্মসূচি আছে। এ সময়ের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ও নগরের ১০টি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এ কারণে এসব কলেজে ক্লাস হয়নি। আজ সরকারি কলেজের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও এই কর্মসূচি পালন করবেন। সকালে চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম দেখা যায়। শ্রেণিকক্ষগুলো ছিল ফাঁকা। সরকারি সিটি কলেজের শিক্ষকেরা সমাবেশ করেছেন।
কুমিল্লায় শিক্ষকদের কর্মবিরতির কারণে তিনটি সরকারি কলেজের শিক্ষার্থীরা সকালে পরীক্ষার হলে গিয়ে ফিরে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের পরীক্ষা ছিল। সকাল নয়টায় শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারে, শিক্ষকদের কর্মবিরতি চলছে।
ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ কমার্শিয়াল কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং জামালপুর, টাঙ্গাইল ও নেত্রকোনা সরকারি কলেজেও কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।
এ ছাড়া কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, শেরপুরের সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও শ্রীবরদী সরকারি কলেজে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন।
দিনাজপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি কমার্শিয়াল কলেজ ও ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকেরাও কর্মবিরতি পালন করেন।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিরা)