মন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চিঠি
ক্লাস-ভর্তি পরীক্ষা চালিয়ে যেতে শিক্ষামন্ত্রীর অনুরোধ
সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য তিনি ক্লাস ও ভর্তি পরীক্ষা চালিয়ে যেতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সমন্বয় সভা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অনুরোধ জানান।
এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের জন্য সময় চেয়ে গতকাল চিঠি দিয়েছেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর অনুরোধের প্রেক্ষাপট জেনে তাঁরা পরবর্তী করণীয় ঠিক করবেন বলে ফেডারেশনের একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন।
মন্ত্রণালয়ে সমন্বয় সভা শুরুর আগে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনা করার জন্য কমিটি (বেতন বৈষম্য নিরসন-সংক্রান্ত কমিটি) করে দিয়েছে। কমিটি কাজ করছে। তাই শিক্ষকদের প্রতি অনুরোধ, দয়া করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন। ক্লাস ও ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন।
পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের আন্দোলন জোরদার করেন। তাঁরা কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। ঈদের ছুটি শেষে ৬ অক্টোবরের পর আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাঁদের।
শিক্ষামন্ত্রীর অনুরোধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, এত দিন তাঁরা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। এখন শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন। অতিসত্বর মন্ত্রীর সাক্ষাৎ চাওয়া হয়েছে। সাক্ষাতে তাঁর অনুরোধের প্রেক্ষাপট জানতে চাওয়া হবে। এরপর তাঁরা পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন।
ফেডারেশনের একজন নেতা প্রথম আলোকে বলেছেন, বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়া বাকি সব সদস্যের কাছেই তাঁরা চিঠি দিয়েছেন।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সমন্বয় সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি তাঁর মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অমীমাংসিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, শূন্য পদে নিয়োগ, প্রশ্নপত্র প্রণয়নে কঠোর নিরাপত্তা নিশ্চিত করাসহ সুষ্ঠুভাবে বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনায় আরও কার্যকর ব্যবস্থা নিতেও আহ্বান জানিয়েছেন।