ক্লিক করলেই মিলছে কোরবানির পশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোরবানির নাইস গরু’, ‘নওগাঁর কোরবানির কাউ অসাধারণ ভালো,’ ‘জিদ্দি গরু’—অনলাইনে পশু বেচাকেনার সাইটগুলোতে ঢুকলে এ ধরনের বাক্য চোখে পড়বে।
এই লেখাগুলোতে ক্লিক করলে কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে গরু, ছাগলের ছবি। সঙ্গে দাম, প্রাপ্তিস্থান, মাংসের পরিমাণসহ নানা প্রয়োজনীয় তথ্য। আছে বিক্রেতার মুঠোফোন নম্বর। সেই নম্বরে যোগাযোগ করে কেনা যাবে পছন্দের কোরবানির পশু।
বিক্রয়ডটকম, সেলবাজার, আমারদেশইশপ, ক্লিকবিডিসহ কয়েকটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান পশু কেনাবেচার আয়োজন করেছে। ঈদুল আজহা উপলক্ষে সাইটগুলোর হোমপেজে পশুর ছবি দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতারা এসব সাইটে বিজ্ঞাপন দিয়েছেন পশু বিক্রির জন্য।
হাটবাজারের ঝক্কি-ঝামেলাসহ অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে ক্রেতাকে রক্ষা করতে অনলাইনে পশু বেচাকেনার ব্যবস্থা করেছেন বলে দাবি এই সাইটগুলোর কর্তৃপক্ষের। গত বছর থেকে এ প্রক্রিয়া শুরু হলেও এবারই জমজমাট হয়েছে এই ডিজিটাল হাট।
জানতে চাইলে বিক্রয়ডটকমের বিপণন বিভাগের ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, ইন্টারনেটের ব্যাপক বিস্তৃতির কারণে অনলাইনে পশুর চাহিদা ও বিজ্ঞাপনের হার দুটোই বেড়েছে।
ঈশিতা শারমিন জানান, এ পর্যন্ত সাত শরও বেশি পশু বিক্রির বিজ্ঞাপন তাঁদের সাইটে দেওয়া হয়েছে। বেশ ভালোসংখ্যক পশু বিক্রিও হয়েছে।
কয়েকটি সাইটের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, যেকোনো বিক্রেতা ইচ্ছে করলেই পশুর ছবি তুলে সাইটে ফ্রি বিজ্ঞাপন দিতে পারেন।
সাইটগুলোর মাঠপর্যায়ের কর্মীরাও ক্রেতাদের এ কাজে সহায়তা করছেন। তবে গরুর ছবিসহ বিক্রেতাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখে সাইট কর্তৃপক্ষ।
মুক্তিযোদ্ধা দুগ্ধ খামারের মালিক আশরাফুল ইসলাম বললেন, এ বছর বিক্রির জন্য তাঁর মোট ১৮টি ষাঁড় রয়েছে।
ঢাকার হাটে এ ষাঁড়গুলো নিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে তিনি বিক্রয়ডটকমে বিজ্ঞাপন দিয়েছেন। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে দাবি করেন তিনি।
রাজধানীর তালতলার বাসিন্দা ইকরামুল হক পশু কেনার জন্য বিভিন্ন সাইটে ঢুকে গরু দেখেছেন। তিনি জানান, সামর্থ্য ও পছন্দে খাপ খেলে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে কেনার ব্যবস্থা করবেন।