
হঠাৎ একদিন...তারিখ, বার কোনোটাই মনে করতে পারছি না। প্রধান প্রতিবেদক শরিফুজ্জামানের ফোন, ‘সাবিহা, আপনাকে মতি ভাই (সম্পাদক মতিউর রহমান) অনলাইনে পাঠাতে চান।’ অনেকের কাছেই অনলাইনটা ‘নিবর্তনমূলক পদায়ন’। আমি একটু ধাক্কা খেলাম। আমার সঙ্গে ধাক্কা খেলেন আমার সহকর্মীদের কেউ কেউ, কেউ আবার তাঁকেও পাঠানো হচ্ছে কি না জানতে নানা পর্যায়ে দূতিয়ালি শুরু করলেন। তবে আমার শঙ্কা কাটল, আর শঙ্কাটা কাটালেন খোদ মতি ভাই। সেই থেকেই প্রথম আলোর অনলাইন বিভাগে আছি। উপভোগ করছি সব সময়।
প্রথম আলো অনলাইনের যাত্রা শুরু কিন্তু বেশ আগে। ১৯৯৮ সালের ৪ নভেম্বর যেদিন আত্মপ্রকাশ করল প্রথম আলো, সেদিনই প্রকাশিত হয় অনলাইন সংস্করণও। বেশ কিছুদিন অনলাইনে শুধু দৈনিক পত্রিকাটি আপলোড করা হতো। ধীরে ধীরে এটি আর সব সর্বক্ষণিক নিউজ এজেন্সির রূপ নিতে শুরু করে। এখন তো প্রতিমুহূর্তের আপডেট জানতে বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চল থেকে বাংলা ভাষাভাষীরা প্রতিমুহূর্তে ঢুঁ দিচ্ছেন প্রথম আলোর ওয়েবসাইটে। তো যা বলছিলাম...শুরুতে তো আমি বেশ মুষড়েই পড়েছিলাম। কিন্তু মতি ভাই আমাকে বললেন, অনলাইনে বিরাট সুযোগ, ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি রাজি হয়ে গেলাম। এলাম বটে অনলাইনে, তবে অনেকেই বললেন, ‘আরে, ছাপা সংস্করণ আর অনলাইন কখনো এক হলো? প্রথম আলোয় লিখলে যে সাড়া পাওয়া যায়, তা কি আর অনলাইনে পাওয়া যাবে?’ আমি একবার এগোই, একবার পিছাই। এ দফায় আমাকে টেনে তুললেন বার্তা সম্পাদক সেলিম খান। বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিলেন। কর্নেল তাহের হত্যাকাণ্ডের রায়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পৃক্ততা নিয়ে বিচারকেরা মওদুদ আহমদের বই থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। মওদুদ কী বলেন—সেটাই ছিল আমার প্রথম অ্যাসাইনমেন্ট। সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন জমা দিলাম। সকাল সকাল প্রতিবেদন অনলাইনে উঠেও গেল। সারা দিনে হাজার হাজারবার পড়া হলো সে প্রতিবেদন, বহু মানুষ মন্তব্য করলেন। একই ঘটনা ঘটল ঢাকা শহরের বিলবোর্ড নিয়ে করা প্রতিবেদন বা যুদ্ধাপরাধী গোলাম আযমের খাওয়ার মেন্যু নিয়ে করা প্রতিবেদনের বেলাতেও।
নিন্দুকেরা তবু পিছু ছাড়ে না। বলে, আরে বাবা মন্তব্য করলে কী হবে? প্রতিবেদন প্রকাশের পর কোনো ‘অ্যাকশন’ হবে না। কী যে করি, কোন পথে যে চলি! বেশ কিছুদিন পর সিসাবার নিয়ে একটি প্রতিবেদন লিখলাম। প্রতিবেদন প্রকাশের দিন কয়েকের মাথায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাল সিসাবারে, গ্রেপ্তার হলেন সিসাবারের মালিক। শুধু নিজের কথাই বলি কেন, আমার সহকর্মী রিয়াদুল করিম বিএনপি এবং আবদুর রশিদ আওয়ামী লীগ নিয়ে যত প্রতিবেদনই লিখেছেন, প্রতিটিই প্রশংসিত হয়েছে। ‘সোনার বাজার পাচারের ওপর নির্ভরশীল’ শিরোনামে লিখে সহকর্মী কমল জোহা খান সাড়া ফেলে দিয়েছিলেন, অপরাধসংক্রান্ত যেকোনো প্রতিবেদন তিনি প্রথম দেওয়ার চেষ্টা করেন, ব্যবসা-বাণিজ্য দেখেন আবদুল্লাহিল ওয়ারিশ, কোরবানির পশুর হাটে ১৪ লাখ টাকার গরু নিয়ে তাঁর করা প্রতিবেদন পড়তে অনলাইনে ক্লিক করেছেন অনেকে। আর সবচেয়ে বড় কথা, অনলাইনের শক্তি অনলাইন আর ছাপা সংস্করণে কর্মরত সব প্রতিবেদকই। তাঁরা প্রতিমুহূর্তে তাজা খবরটা দিচ্ছেন অনলাইনে, সব সময় অনলাইনকে সমৃদ্ধ করছেন। তাঁরাই প্রমাণ করেছেন প্রথম আলো হোক ছাপা বা অনলাইন, আমরা সবাই এক। আমাদের সম্মিলিত শক্তির বলেই, বহু দূরের দ্বীপরাষ্ট্র থেকেও প্রতিদিন কেউ না কেউ পড়ছেন প্রথম আলো।
উৎকর্ষের তো শেষ নেই। প্রিয় পাঠক, আপনারাও লগ ইন করুন। দয়া করে জানান, কী করলে আরও এগোবে অনলাইন।
ক্লিক করুন www.prothom-alo.com
শেখ সাবিহা আলম: জ্যেষ্ঠ প্রতিবেদক