ক্লিকে মিলবে লেখক-প্রকাশক-বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’র উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ও অতিথিরা। ছবি সংগৃহীত
‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’র উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ও অতিথিরা। ছবি সংগৃহীত

যাত্রা শুরু করল দেশের লেখক, প্রকাশক ও সৃজনশীল বইয়ের তথ্যসংবলিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’। তিনটি ওয়েবসাইটের সমন্বয়ে হয়েছে এ প্ল্যাটফর্ম। সৃজনশীল প্রকাশকদের তথ্য নিয়ে publishers.com.bd, সৃজনশীল লেখকদের জন্য authors.com.bd এবং সৃজনশীল বইয়ের তথ্য নিয়ে ওয়েবসাইট books.com.bd। বিশ্বের যেকোনো স্থান থেকে এক ক্লিকে এই তিনটি ওয়েবসাইটে জানা যাবে বাংলাদেশের প্রকাশক-লেখক-বইয়ের তথ্য। এটি আর্কাইভ হিসেবেও কাজ করবে। 

প্রকাশনা সংস্থা সময় প্রকাশনের তত্ত্বাবধানে ‘পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম’ পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকছে ঢাকাভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান সময় নেট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান আলফা নেট। দেশের প্রায় দেড় শতাধিক সৃজনশীল প্রকাশক, দুই হাজার লেখক এবং আড়াই হাজার সৃজনশীল বইয়ের বিবরণ আপলোড করা হয়েছে ওয়েবসাইটগুলোতে। এতে লেখকের প্রোফাইল, প্রকাশনা প্রতিষ্ঠানের প্রোফাইল এবং প্রকাশিত বইয়ের তালিকার সঙ্গে বইয়ের প্রচ্ছদ ও পরিচিতি থাকছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা চলাকালে প্রকাশিত বইসংক্রান্ত তথ্য যোগ করা হবে। লেখক ও প্রকাশকেরা ইচ্ছা করলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের নিজ নিজ ওয়েবসাইট পৃথকভাবেও পরিচালনা করতে পারবেন। সময়ের অভাব বা অন্য কোনো কারণে নিজেরা পরিচালনা করতে না পারলে সেই দায়িত্ব প্ল্যাটফর্ম কর্তৃপক্ষই পালন করে দেবে বলে জানালেন উদ্যোক্তারা।
গতকাল রাজধানীর বিজয় নগর এলাকার একটি হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাবলিশার্স ই-প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন লেখক-গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন। অনুষ্ঠানে পাবলিশার্স ই-প্ল্যাটফর্মের তথ্য তুলে ধরে বক্তব্য দেন সমন্বয়ক ও প্রকাশনা সংস্থা সময় প্রকাশনের প্রধান নির্বাহী ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এ দেশে ইন্টারনেটভিত্তিক বইয়ের প্রচার অনেক পিছিয়ে আছে। দেশের ভেতরে বা বাইরের কোনো দেশেও এ ধরনের কোনো সফল উদ্যোগের নজির নেই। যদিও কাজটি খুব সহজ নয় কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। দেশের শিক্ষিত তরুণ সমাজ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অভ্যস্ত। তাদের কাছে বই ও লেখকের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য এটিই উপযুক্ত মাধ্যম। এই প্ল্যাটফর্ম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারেও লিংক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। যেন পাঠক সব সময় আপডেট থাকতে পারেন। এ প্রচেষ্টাকে সফল করার জন্য দেশের সব লেখক ও প্রকাশকের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ আলফা নেটের প্রধান কর্মকর্তা আবু সুফিয়ান হায়দার পাবলিশার্স ই-প্ল্যাটফর্মের কারিগরি দিক তুলে ধরেন ভিডিও প্রজেকশনের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সৃজনশীল প্রকাশকেরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, কাকলি প্রকাশনীর এ কে নাছির আহমেদ সেলিম, অ্যাডর্ন পাবলিকেশনসের সৈয়দ জাকির হোসাইন, অনন্যার মনিরুল হক, অন্বেষার শাহাদত হোসেন, কথাপ্রকাশের জসিম উদ্দিন, পার্লের হাসান জায়েদী প্রমুখ। এই উদ্যোগকে স্বাগত জানাতে এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ, লেখক মোস্তফা কামালসহ আরও অনেকে। তাঁরা মন্তব্য করেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের সাহিত্যকে জানার জন্য সহায়ক ভূমিকা পালন করবে পাবলিশার্স ই প্ল্যাটফর্ম।