ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তাঁর সঙ্গে ব্যক্তিগত কারণে দেখা করা এবং নিজে বা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দেওয়া ব্যক্তিদের মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নামও রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘটনাপঞ্জির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।
এপির তথ্য অনুযায়ী, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ড. ইউনূস তাঁর সঙ্গে তিনবার দেখা করেছেন এবং কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। এপির প্রতিবেদনে বলা হয়, ওই সময় মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে পদত্যাগে বাংলাদেশ সরকার চাপ দিচ্ছিল। এ কারণে তিনি হিলারির সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছিলেন। আর হিলারি তাঁকে সাহায্য করার পন্থা খুঁজে বের করতে সহকারীদের নির্দেশ দিয়েছিলেন।
এপি বলছে, এ সময় গ্রামীণ আমেরিকা (যে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ড. ইউনূস) ক্লিনটন ফাউন্ডেশনে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দিয়েছে। গ্রামীণ রিসার্চ নামের আরেকটি প্রতিষ্ঠান (এটিরও চেয়ারম্যান ড. ইউনূস) থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেওয়া হয়েছে।
তবে ব্যাংকের মুখপাত্র বেকি অ্যাশ বলছেন, ওই ফাউন্ডেশনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি হিসেবেই ওই অর্থ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত কারণে হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করা বা ফোনে আলাপ করা ১৫৪ জন ব্যক্তির মধ্যে ৮৫ জনই তাঁদের পারিবারিক ওই ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন। তাঁদের মোট অনুদানের পরিমাণ ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
এপি বলছে, হিলারি ক্লিনটনের সঙ্গে যাঁরা সরাসরি বা ফোনে ব্যক্তিগত কারণে আলাপ করেছেন আর যাঁরা ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন, তাঁদের মধ্যে দৃশ্যত একটি যোগসূত্র রয়েছে। এর ফলে মার্কিন কোনো আইন ভঙ্গ হয়নি। কিন্তু ব্যাপারটার মধ্যে এমন একটি ইঙ্গিত রয়েছে যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাক্ষাতের বিনিময়েই যেন তাঁরা ওই অনুদান দিয়েছেন।

>হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ড. ইউনূস তাঁর সঙ্গে তিনবার দেখা করেছেন এবং কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। এপির প্রতিবেদনে বলা হয়, ওই সময় মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে পদত্যাগে বাংলাদেশ সরকার চাপ দিচ্ছিল

তবে হিলারি ক্লিনটনের মুখপাত্র ব্রায়ান ফ্যালোন এপির এ বিশ্লেষণকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়েছেন। তিনি বলছেন, হিলারি ক্লিনটনের বৈঠকগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তাঁকে একপক্ষীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনের প্রথম অর্ধেকটা সময় এখানে উল্লেখ করা হয়েছে, পুরো সময়টা নয়।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প শিবির ক্লিনটন ফাউন্ডেশন ইস্যুতে হিলারিকে চাপে ফেলতে চাইছে। নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য অনেকে ক্লিনটন ফাউন্ডেশনকে অর্থ দিয়েছেন এমন দাবি করে ট্রাম্প এ নিয়ে তদন্তের দাবি করেছেন।
গ্রামীণ আমেরিকার বক্তব্য: এপির এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ‘গ্রামীণ আমেরিকা’ প্রথম আলোর কাছে ই-মেইলে তাদের বক্তব্য দিয়েছে। গ্রামীণ আমেরিকা বলেছে, এটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান। ক্লিনটন ফাউন্ডেশনকে গ্রামীণ আমেরিকার দেওয়া সব করযোগ্য অর্থই প্রদান করা হয় ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ বার্ষিক সভায় যোগদানের ফি হিসেবে। এসব সভায় গ্রামীণের করা অঙ্গীকারগুলো গ্রামীণ আমেরিকার স্বাধীন কর্মসূচিবিষয়ক এবং তার সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশনের আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক নেই। অনুরূপ একটি সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি উদ্ধৃত করে বলা হয়, ক্লিনটন ফাউন্ডেশনের ওয়েবসাইটে গ্রামীণ আমেরিকাকে উল্লেখ করা হয়েছে একান্তই সদস্যপদ, স্পনসরশিপ ও কনফারেন্স ফি বিভাগে চাঁদাদানকারী হিসেবে। ওয়েবসাইটের কোথাও মুহাম্মদ ইউনূসকে দাতা হিসেবে উল্লেখ করা হয়নি।