ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার আলতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় সজনী বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বজনেরা ওই ক্লিনিকের সামনে বিক্ষোভ করে ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন।
রোগীর স্বজনেরা জানান, গত মঙ্গলবার সকালে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের কৃষক আবদুল হান্নান প্রামানিকের স্ত্রী সজনী বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা ১২টা থেকে ক্লিনিকের সেবিকারা ওই প্রসূতির স্বাভাবিক প্রসবের চেষ্টা চালান। দিনভর চেষ্টার পরও স্বাভাবিক প্রসব না হওয়ায় রাত আটটার দিকে সজনীকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে সার্বক্ষণিক কোনো চিকিৎসক ছিল না। শেষ পর্যন্ত রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খানকে ডেকে এনে অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে সজনী মৃত সন্তানের জন্ম দেন এবং রক্তক্ষরণে মারা যান।
অবহেলার অভিযোগ অস্বীকার করে ক্লিনিকের ব্যবস্থাপক আবদুল হাকিম বলেন, সজনী খিচুনি রোগে আক্রান্ত ছিলেন। তাঁরা চেষ্টা করেছেন রোগীকে স্বাভাবিক রাখার জন্য।