ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলা সদরের জনতা ক্লিনিকে এ ঘটনা ঘটে।নিহত প্রসূতির নাম মনিকা (২৫)। তিনি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের ক্ষীতিশ চন্দ্রের স্ত্রী। এ ঘটনায় ক্ষীতিশ চন্দ্র ক্লিনিকের মালিক নূরুজ্জামানের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় গত শুক্রবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। ক্ষীতিশ চন্দ্র অভিযোগ করেন, প্রসব বেদনা উঠলে গত বৃহস্পতিবার উপজেলা সদরের জনতা ক্লিনিকে নিয়ে মনিকাকে ভর্তি করানো হয়। রাতে ক্লিনিকের মালিক নূরুজ্জামান তাঁর স্ত্রীকে অস্ত্রোপচার করেন। মনিকা একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও ক্লিনিকের মালিক নূরুজ্জামান রক্ত বন্ধ করার ব্যবস্থা নেননি। নূরুজ্জামান তাঁদের তড়িঘড়ি করে একটি গাড়িতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁর স্ত্রীর মৃত্যু হয়।জানা গেছে, নূরুজ্জামান নিজে চিকিত্সক নন। তিনি পিরোজপুর শহরের আইডিয়াল ক্লিনিকে চিকিত্সকের সহকারী হিসেবে কাজ করেন। আইডিয়াল ক্লিনিকের মালিক সেহেল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ এ করিম বলেন, ‘আমার জানা মতে, ক্লিনিকটির কোনো বৈধ কাগজপত্র নেই।’ প্রসূতির মৃত্যুসহ বিভিন্ন অভিযোগে গত শুক্রবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন। এ বিষয়ে ক্লিনিকের মালিক নূরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।