ক্লিনিক থেকে সরকারি ওষুধ উদ্ধার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-সংলগ্ন দেশ ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিক থেকে স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক দল মঙ্গলবার জীবনরক্ষাকারী বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে সেগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অনুকূলে বরাদ্দ সরকারি ওষুধ বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার বেলা দুইটায় ক্লিনিকের মালিক হাসিবুল হককে আসামি করে থানায় একটি মামলা হলেও এজাহারে উদ্ধার করা ওষুধের নাম ও পরিমাণ লেখা হয়নি। নেপথ্যে জড়িত ব্যক্তিদের আড়াল করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সিভিল সার্জনের নির্দেশে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা ও স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা রবজেল হোসেনের সমন্বয়ে গঠিত দুই সদস্যের একটি পরিদর্শন দল মঙ্গলবার বেলা ১১টায় দেশ ক্লিনিকে পরিদর্শনে যান। পরিদর্শনকালে একটি গামলায় করে বিপুল পরিমাণ ইনজেকশন ও স্যালাইন ক্লিনিকের দোতলা থেকে তিনতলায় নিয়ে যাওয়ার সময় পরিদর্শক দলের নজরে আসে। এরপর তা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৩টি সেফরান ইনজেকশন ও দুই ব্যাগ সিপ্রফ্লোক্সিসিন আইভি ফ্লুইড।সদর হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সদর হাসপাতালে কর্মরত একটি চক্র দীর্ঘদিন ধরে ওষুধ চুরির সঙ্গে জড়িত। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসাধীন ও অপারেশনের জন্য আসা রোগীদের জন্য সরকারিভাবে ওষুধ বরাদ্দ রয়েছে। অথচ, নার্স ও কর্মচারীরা রোগীর স্বজনদের দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে তা ব্যবহার এবং সরকারি ওষুধ আত্মসাৎ করা হয়। এরপর তা বিভিন্ন কায়দায় হাসপাতাল-সংলগ্ন ক্লিনিক ও ওষুধের দোকানগুলোতে বিক্রি করা হয়। ওষুধ উদ্ধারের ঘটনায় সিভিল সার্জন বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে একটি এজাহার থানায় পাঠালেও পরে তা ফেরত আনা হয়। এরপর থেকে মামলা হবে কি হবে না, তা নিয়ে নানামুখী তৎপরতা চলতে থাকে। অবশেষে গতকাল বেলা দুইটায় সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পরিদর্শন দলের প্রধান মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের কেউ এ ঘটনায় জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন থানায় এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি তদন্ত ও অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।