নগরের সব ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের চিকিৎসাকে কেন্দ্র করে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভির আহমেদকে (বাপ্পা) তুলে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি (বিপিসিডিওএ), প্রাইভেট প্রাকটিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের খুলনা শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, আদ-দ্বীন হাসপাতাল, সিটি ইমেজিং সেন্টার, কিওর হোম ক্লিনিক, গরীব নেওয়াজ ক্লিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী ক্লিনিক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, তাদের সব কার্যক্রম বন্ধ। অনেকে ক্লিনিকের সামনে অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। চিকিৎসকদের ব্যক্তিগত কক্ষেও রোগীদের কোনো নামের তালিকা করা হচ্ছে না।
সন্ধানী ক্লিনিকে পরীক্ষা করাতে আসা ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আকবর শেখ বলেন, ‘ভাইরে ডাক্তার পরীক্ষা করতি দেছে। শহরের কোনো জায়গায় পরীক্ষা করাতি পারতিছি নে। ভাইয়ের অবস্থা খুব খারাপ।’
গরীব নেওয়াজ ক্লিনিকের সামনে পাইকগাছা থেকে আসা কামরুল ইসলাম বলেন, ‘ছেলেটার পেটে ব্যথা। তাড়াতাড়ি অপারেশন করাতি হবে। এহন ইরা ভর্তি নেবে না, অপারেশনও করবে না। ছেলেডারে নিয়ে চিন্তায় আছি।’
বিএমএর কেন্দ্রীয় কাউন্সিলর ও প্রাইভেট প্রাকটিশনার সমিতি খুলনার সাংগঠনিক সম্পাদক চিকিৎসক বঙ্গকমল বসু বলেন, ‘ইনডোরে যারা ভর্তি আছে, তারা শুধু চিকিৎসা পাচ্ছে। আর জরুরি বিভাগে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কোনো রোগীও ভর্তি করা হচ্ছে না।’
বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম বলেন, ‘অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ না করা হলে এ কার্যক্রমের পাশাপাশি পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘বিষয়টির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নয়। এটি বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যাপার। এটি বাইরেই নিষ্পত্তি হবে।’
অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ: খুলনা অফিস আরও জানায়, চিকিৎসকদের অবহেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত রায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে গতকাল রোববার ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন ওই ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের ছাত্র সুজন। তিনি বলেন, অমিত ২ জুলাই নগরের নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় ভর্তি করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে দেখেন তিন ঘণ্টা পর রাত আটটায়। এ ছাড়া রোগীর অবস্থা সম্পর্কে স্বজনদের সঠিক তথ্য দেওয়া হয়নি। ওই হাসপাতালের সেবিকা ও কর্মচারীরা রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে অমিত মারা যান।
সংবাদ সম্মেলনে ছাত্ররা চিকিৎসার অবহেলার জন্য অমিতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের শাস্তির দাবি জানান।