ক্লিনিক মালিক, চিকিৎসকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিকে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে৷ গত বুধবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা আবদুল হামিদ হাওলাদার ক্লিনিকের মালিক গোলাম মোস্তফা, হাতুড়ে চিকিৎসক ডি কে গোলদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন৷
পুলিশ ওই রাতেই মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওই ক্লিনিকের সেবিকা মার্জিয়া আক্তার (২৫), ছবি আক্তার (২০), তত্ত্বাবধায়ক আলমগীর হোসেন (৩৬) ও রাসেল হাওলাদার (২৫)৷
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের আবদুল হামিদ হাওলাদার জ্বরে আক্রান্ত মেয়ে সাবিনা আক্তারকে (১৪) নিয়ে ডি কে গোলদারের চেম্বারে যান৷ গোলদারের পরামর্শে মেয়েটিকে মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিকে ভর্তি করা হয়৷ বুধবার সকালে ডি কে গোলদার সাবিনার শরীরে মেয়াদোত্তীর্ণ একটি ইনজেকশন পুশ করেন৷ কিছুক্ষণ পর সাবিনার মৃত্যু হয়৷
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ডি কে গোলদারের চিকিৎসা সনদ না থাকার পরও তিনি রোগীদের ভুল চিকিৎসা দেওয়ায় এবং ক্লিনিকের লোকজন বাদীকে টাকার প্রলোভন দেখিয়ে সমঝোতার চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়৷ ক্লিনিকে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে৷
সাবিনার মৃত্যু নিয়ে গতকাল প্রথম আলোয় ‘সেই হাতুড়ে চিকিৎসকের হাতে প্রাণ গেল স্কুলছাত্রীর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়৷