ক্লিনিকে চাঁদা না পেয়ে সেবিকাদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার টার্মিনাল এলাকার একটি ক্লিনিকে শনিবার রাতে চাঁদাবাজি করতে গেলে পুলিশ একটি প্রাইভেট কারসহ তিনজন তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা সেবিকাদের শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্লিনিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে পাঁচ-ছয়জনের একটি দল ওই ক্লিনিকে ঢুকে মালিককে খুঁজতে থাকে। একপর্যায়ে চাঁদাবাজেরা অস্ত্রের মুখে কর্তব্যরত দুই সেবিকাকে জিম্মি করে তাঁদের কানের দুল ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন। তখন তাঁদের একটি কক্ষে আটকে শ্লীলতাহানির চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, ইমাম আলী, খোকন ও লিমন হোসেন। এ সময় অস্ত্র ও ছিনিয়ে নেওয়া জিনিস নিয়ে অপর তিনজন পালিয়ে যায়।সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, এ ঘটনায় ওই ক্লিনিকের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন।