ক্লিনিকে সিজার করাতে প্ররোচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদাভিত্তিক অর্থায়ন বা ডিমান্ড সাইড ফাইনান্সিং (ডিএসএফ) কার্ডধারী এক প্রসূতিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে সিজার করানো হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক প্রসূতির পরিবারকে ভয় দেখিয়ে এ সিজার করান। দরিদ্র পরিবারটি ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারলে দুই দিন তাদের ক্লিনিকে আটকে রাখা হয়। এ ব্যাপারে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রসূতি সাজু আক্তার একটি লিখিত অভিযোগ দেন।রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের রংমিস্ত্রি হান্নানের স্ত্রী সাজু আক্তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ডিএসএফের একজন কার্ডধারী। প্রসবব্যথা শুরু হলে গত ১ জুলাই তিনি কেরোয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের পরিদর্শক সুফিয়া বেগমের কাছে যান। তিনি আল্ট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দেন। তাত্ক্ষণিকভাবে তাঁকে রায়পুর পৌর শহরের সেবা ক্লিনিকে ভর্তি হয়ে সিজার করানোর পরামর্শ দেন সুফিয়া বেগম। সাজু আক্তারের আত্মীয়স্বজন জানান, তাঁরা গরিব। সরকারি হাসপাতালে যাবেন। ডিএসএফ প্রকল্প থেকে তাঁদের সব ব্যয় বহন করা হবে। কিন্তু সুফিয়া তাঁদের নানাভাবে ভয় দেখিয়ে বলেন, ‘রিকশাওয়ালা রিকশা বিক্রি করে সিজার করায়। তোমরা করাবা না কেন?’ পরে সাজু আক্তারকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারের পর ওষুধসহ ক্লিনিকের বিল আসে ২২ হাজার টাকা। সময়মতো টাকা দিতে না পারায় মা ও শিশুকে দুই দিন আটকে রাখা হয়। পরে সুদের ওপর টাকা নিয়ে ক্লিনিকের টাকা পরিশোধ করা হয়। ওই টাকা থেকে সুফিয়া বেগম চার হাজার টাকা কমিশন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ডিএসএফ প্রকল্প রায়পুরের সমন্বয়ক মোহাম্মদ ইমরান খান বলেন, ব্রিটেনের আর্থিক সহায়তায় দেশের ৩৩টি উপজেলায় ডিএসএফের পাইলট প্রকল্প চালু হয়। এ প্রকল্পের অধীনে দরিদ্র নারীদের প্রসবকালীন আর্থিক সহযোগিতা দেওয়া হয়। মা ও শিশুর মৃত্যুর হার কমাতে প্রকল্পটি চালু করা হয়। তিনি আরও বলেন, ‘সাজু আক্তারের অভিযোগটি দেখেছি। বিষয়টি দুঃখজনক। আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।’ অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শক সুফিয়া বেগম দাবি করেন, সাজু আক্তার স্বাস্থ্যকেন্দ্রে আসার সময় ডিএসএফের কোনো কার্ড আনেননি। তিনি বলেন, ‘তাঁর কার্ড আছে, তাও আমি জানতাম না। আল্ট্রাসনোগ্রামের জন্য তাঁকে আমি সেবা ক্লিনিকে নিয়ে যাই। সিজারের জন্য প্ররোচনা দিইনি।’ চার হাজার টাকা কমিশন নেওয়ার অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন শরীফ বলেন, ‘অভিযোগের কপি এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। বিষয়টি তদন্ত করে পরিবার কল্যাণ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’