ক্লিনিকে হাতুড়ে চিকিৎসকদের অস্ত্রোপচার, প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ক্লিনিকে হাতুড়ে চিকিৎসকদের অস্ত্রোপচারে (সিজারিয়ান অপারেশন) তাজেনূর বেগম (২২) নামের এক প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সার্জিক্যাল ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাজেনূর উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। ইকবাল হোসেন বলেন, তাজেনূরের গত সোমবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে ওই দিন বিকেলে তাঁকে সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় ওই ক্লিনিকের কথিত চিকিৎসক আইউব আলী, তাহমিনা বেগম ও চিকিৎসা সহকারী মো. ইব্রাহিম তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন। ঘণ্টাখানেক পর আইউব ও তাহমিনা অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে এসে জানান রোগী সুস্থ আছেন এবং তাঁকে ভালো চিকিৎসার জন্য বরিশালে নেওয়া দরকার। এরপর চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ তাড়াহুড়া করে তাজেনূরকে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি না করে তাজেনূর বেশ কয়েক ঘণ্টা আগে মারা গেছে বলে নিশ্চিত করেন।পরে বরিশাল থেকে লাশ নিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হলে পথে কাঁঠালতলী ইউনিয়নের কেরামতপুর বাজারের কাছে ক্লিনিক কর্তৃপক্ষ লাশবহনকারী গাড়িটি আটকে দেয় এবং স্বজনদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করে। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে নিহতের স্বজনদের বাগিবতণ্ডা হয়। দুই পক্ষের বাগিবতণ্ডা শুনে স্থানীয় লোকজন জড়ো হলে ক্লিনিকের লোকজন তাজেনূরের লাশ জোর করে তুলে নিয়ে দাফন করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। পরে ঘটনাটি পাথরঘাটা থানায় জানালে পুলিশ সেখানে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ক্লিনিকটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইউব খুলনার একটি ক্লিনিকের দারোয়ান হিসেবে কাজ করতেন। পরে তিনি প্রশিক্ষণ নিয়ে নিজেই খুলনায় একটি ক্লিনিক খুলে বসেন। বৈধ কাগজপত্র না থাকায় ২০০৭ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর ক্লিনিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এরপর প্রায় দেড় বছর তিনি কারাগারে ছিলেন। পরে ২০১০ সালের অক্টোবর মাসে তিনি ওই ক্লিনিকের মালামাল পাথরঘাটায় এনে এই ক্লিনিকটি চালু করেন। অন্যদিকে মো. ইব্রাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সহকারী হিসেবে কর্মরত আছেন। তাহমিনা নিজেকে গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দুই মাস ধরে এই ক্লিনিকে কর্মরত আছেন।তবে ইব্রাহিম অস্ত্রোপচারের সময় সেখানে ছিলেন না দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি সোমবার রাতে একজনের সঙ্গে দেখা করতে ওই ক্লিনিকে গিয়েছিলাম।’এ ব্যাপারে সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, রোগীর হার্ট দুর্বল থাকায় চিকিৎসকেরা তাঁকে বরিশালে পাঠিয়েছিলেন। তিনি আরও বলেন, তাহমিনা একজন গাইনি বিশেষজ্ঞ এবং আগে সিএমএইচে সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তবে আইউব কোনো চিকিৎসক নন বলে তিনি স্বীকার করেন। আইউব ও তাহমিনার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মুঠোফোনটি বন্ধ থাকায় তাঁদের মন্তব্য জানা যায়নি। সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ওই ক্লিনিকটিসহ পাথরঘাটার তিনটি ক্লিনিকের কোনো বৈধতা নেই। চিকিৎসার নামে এগুলো দিয়ে প্রতারণা চলছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।