ক্লিনিকের পরিচালক যখন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে একটি ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে চিকিৎসক সেজে অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ওই ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষ (ওটি) সিলগালা করে দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার আকচা ঘাটপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী কোহিনূর বেগম (১৯) প্রসবব্যথা নিয়ে ২৯ জুলাই রাতে শহরের তাঁতিপাড়ার সেভেন-ডে ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের সঙ্গে চান মিয়ার অস্ত্রোপচার বাবদ আট হাজার টাকা চুক্তি হয়। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। কহিনূর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কয়েক দিন পর তাঁর ক্ষতস্থান থেকে রক্ত-পুঁজ বের হলে চিকিৎসকের পরামর্শ নিতে চান মিয়া স্ত্রীকে ৭ আগস্ট আবার ক্লিনিকে ভর্তি করান। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ কোনো দায় নিতে অস্বীকার করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। চান মিয়া কাগজ-কলমে অস্ত্রোপচারকারী চিকিৎসক আমজাদ হোসেনের সঙ্গে কথা বলতে চান।অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানায়, তিনিই কহিনূরের অস্ত্রোপচার করেছেন বলে দায়িত্ব নিতে। কিন্তু আমজাদ হোসেন দায়িত্ব নিতে অস্বীকার করেন। এটি জানতে পেরে রোগীর লোকজন ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন (সিএস) মো. শহিদুল ইসলামকে বিষয়টি জানান। সিএস বৃহস্পতিবার বিশেষ দল নিয়ে ক্লিনিকে গিয়ে কাগজপত্রে অস্ত্রোপচারকারী হিসেবে আমজাদ হোসেনের নাম দেখতে পান। পরে তাঁরা ওটি সিলগালা করে দেন।এ বিষয়ে চিকিৎসক আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, কহিনূরের অস্ত্রোপচারে তাঁর সম্পৃক্ততা ছিল না। ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর লোকজনকে বলতে অনুরোধ করেছিল যে তিনিই অস্ত্রোপচার করেছিলেন।কহিনূরের স্বামী চান মিয়া জানান, বিষয়টি আপসের জন্য ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর চিকিৎসার সব খরচ বহন করতে চাইলেও এখনো পর্যন্ত কোনো চিকিৎসক তাঁর স্ত্রীকে দেখেননি। সেভেন-ডে ক্লিনিকের আরেক পরিচালক প্রফুল্ল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক না হয়ে অস্ত্রোপচার করা উচিত নয়। এ ঘটনায় আমরা লজ্জিত।’ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. শহিদুল ইসলাম জানান, ক্লিনিকের পরিচালক নিজেই চিকিৎসক সেজে অস্ত্রোপচার করেছিলেন।মুঠোফোন বন্ধ থাকায় অস্ত্রোপচারকারী আমিনার রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।