ক্লিনিকের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ক্লিনিকে হাতুড়ে চিকিৎসকদের অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার সার্জিক্যাল ক্লিনিক নামে ওই প্রতিষ্ঠানের আট পরিচালক, এক কথিত চিকিৎসক, দুজন চিকিৎসা সহকারীসহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।ওই ক্লিনিকে গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, বিভিন্ন রোগে ভর্তি হওয়া তিনজন রোগী অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। গত সোমবার অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর পর থেকে ক্লিনিকটির কথিত চিকিৎসক তাহমিনা বেগম, চিকিৎসা সহকারী আইউব আলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গাঢাকা দেন বলে রোগী ও তাঁদের স্বজনেরা জানান। ক্লিনিকের অনুমোদনের ব্যাপারে বরগুনা সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, সার্জিক্যাল ও অন্য তিনটি ক্লিনিকের কোনো নিবন্ধন নেই। তাঁরা নিবন্ধনের জন্য আবেদনও করেননি। দুই মাস আগে এসব ক্লিনিক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, ওই ক্লিনিকে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কোনো চিকিৎসক বা সেবিকাকে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ক্লিনিকটির পরিচালক মো. শিপলুকে গ্রেপ্তার করা হয়েছে।