সিলেট-আখাউড়া রেলপথের বিভিন্ন স্থানে রেলের ক্লিপ, নাট-বল্টু, মাটি খুঁড়ে তার চুরির ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পূর্বাঞ্চলীয় রেলপথ। গণপূর্ত (রেল) বিভাগ চুরি যাওয়া প্রায় ৪০ হাজার ক্লিপের স্থানে ওয়েল্ডিং করলেও ট্রেন চলছে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে। বাংলাদেশ রেলওয়ের একাধিক সূত্র জানায়, গত দুই বছরে সিলেট-আখাউড়া রেলপথের ১৭৮ কিলোমিটার এলাকা থেকে লক্ষাধিক রেল ক্লিপ (রেলপাতকে স্লিপারের সঙ্গে সংযুক্ত করে রাখার যন্ত্র) চুরি করে নিয়েছে সংঘবদ্ধ লোহাচোর সিন্ডিকেট চক্র। ২০০৮ সালের প্রথম ছয় মাসেই শমশেরনগর-টিলাগাঁও রেলপথের পাঁচ কিলোমিটার থেকে তিন হাজার ৩৬০টি ক্লিপ চুরি হয়। ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি মৌলভী-বাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পরিত্যক্ত লাইন থেকে বেশ কিছু রেলপাত চুরি করে দুর্বৃত্তরা। পরে পুলিশ চুরি যাওয়া ছয় টুকরা রেলপাত উদ্ধার করে। সূত্র আরও জানায়, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, মুন, টিলাগাঁও, লংলা ও কুলাউড়া স্টেশনের বিভিন্ন স্থানে রেললাইনের সঙ্গে সংযুক্ত একটি স্লিপার ও অন্তর দুটি স্লিপারের ক্লিপ নেই। এ ছাড়াও দুটি রেলপাতের সংযুক্ত ফিস প্লেটের স্থানে চারটি নাট-বল্টু থাকার কথা থাকলেও কোনো কোনো স্থানে একটি নাট-বল্টুর মধ্য দিয়েই লাইন সংযুক্ত রয়েছে। সিলেট-আখাউড়া রেলপথে প্রতিদিন ঢাকা থেকে সিলেটে তিনটি আন্তনগর, চট্টগ্রাম থেকে সিলেটে দুটি আন্তনগর ট্রেন এবং দুটি মেইলসহ তিনটি লোকাল ট্রেন এবং মালবাহী ট্রেনও চলাচল করছে। এলাকাবাসীর অভিযোগ, রেলওয়ের স্থানীয় অসাধু কর্মচারীরাও এসব রেলের যন্ত্রাংশ চুরির সঙ্গে যুক্ত। শমশেরনগর রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার আবদুল মালেক বলেন, একটি সংঘবদ্ধ দল এ কাজে জড়িত। রেলের যন্ত্রাংশ চোর চক্রের কাছে রেল বিভাগ অনেকটা জিম্মি হয়ে পড়েছে।এ ব্যাপারে গণপূর্ত (রেল) বিভাগের শ্রীমঙ্গলের উপসহকারী প্রকৌশলী এরফানুর রহমান বলেন, রেলপথের যেসব স্থান ক্লিপ না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, সেখানে ওয়েল্ডিং করা হচ্ছে। সিলেট বিভাগীয় নিরাপত্তাপ্রধান (রেল) সাইদুর রহমান বলেন, রেলপথের যন্ত্রাংশ ও টেলিফোন তার চুরি হওয়ায় তাঁরা নিজেরাও উদ্বিগ্ন। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলপথসংলগ্ন এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও রেলওয়ে স্টেশনমাস্টারসহ রেল কর্মচারীরা আরও সচেতন হলে এসব চুরি রোধ করা যাবে।