ক্লোজআপ-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার রঙে রঙ মেশাতে’ স্লোগান নিয়ে গতকাল বুধবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লোজআপ-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। বুয়েটসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এ উৎসবে অংশ নিচ্ছে।বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনা উৎসবের আয়োজন করে। আয়োজকেরা জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর মূর্ছনা বুয়েটে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে আসছে। তবে এবারই প্রথমবারের মতো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।মোমবাতি জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনের কাজের প্রতিফলই হচ্ছে সংস্কৃতি। পূর্ণাঙ্গ জীবন যাপনের জন্য মানুষ সংস্কৃতির চর্চা করে থাকে। তবে শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।’ উপাচার্য বলেন, সাংস্কৃতিক উৎসব মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি দেশের সাংস্কৃতিক ধারাকে টিকিয়ে রাখে, অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। সহ-উপাচার্য হাবিবুর রহমান বলেন, ‘দেশের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের উৎসবের আয়োজন করতে হবে।’মূর্ছনার সঞ্চালক জেবুন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম। উদ্বোধনী দিনে মূর্ছনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলসিঁড়ির শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।আয়োজকেরা জানান, এ দুটি বিশ্ববিদ্যালয় ছাড়াও নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ও আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন উৎসবে অংশ নিচ্ছে।