ক্ষত মুছে নতুন জীবনের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বছর চারেক আগে সাভারে রানা প্লাজা ধসে গুরুতর আহত হয়েছিলেন তাঁরা। পুরোপুরি সুস্থ হতে পারেননি কেউই। শরীরের ক্ষত পুরোপুরি না মুছলেও মানসিক দৃঢ়তা আর পরিশ্রমের বলে ঘুরে দাঁড়িয়েছেন একেকজন। সরকারি ও বেসরকারিভাবে পাওয়া সহায়তার টাকায় তাঁদের অনেকেই এখন ব্যবসায়ী। কেউ করছেন চাকরি।
উজ্জ্বল ও জুয়েল করছেন ব্যবসা
ধসে পড়ার সময় রানা প্লাজার সাততলায় কাজ করছিলেন উজ্জ্বল দাস (২৬)। কয়েক ঘণ্টা পর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু সেই কয়েক ঘণ্টার বিভীষিকা আজও তাড়া করে ফেরে তাঁকে। তবে চিকিৎসা আর মনের জোরে উজ্জ্বল অনেকটাই স্বাভাবিক এখন।
বরগুনার পাথরঘাটায় বাড়ি উজ্জ্বলের। মাধ্যমিক পাসের পর চলে আসেন সাভারে। ২০১১ সালে সুইং অপারেটরের কাজ নেন রানা প্লাজার সাততলার নিউওয়েব স্টাইল নামের একটি পোশাক কারখানায়। উজ্জ্বল জানান, তাঁর ডান পা কংক্রিটের বিমের নিচে চাপা পড়েছিল সেদিন। কোমরে আঘাত পান। রাত সাড়ে সাতটার দিকে উদ্ধারকারীরা যখন তাঁকে টেনে বের করতে যান, তখনো তাঁর পা আটকে ছিল। পরে রড কেটে তাঁকে উদ্ধার করা হয়। ২০১৫ সালে ধসে পড়া রানা প্লাজার পেছনের এলাকা মজিদপুরে ছোট একটা দোকান ভাড়া নেন উজ্জ্বল। সেখানেই গড়ে তোলেন মুঠোফোন, কম্পিউটার ও টেলিভিশন সারাইয়ের দোকান। দুর্ঘটনার পর ৩ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন উজ্জ্বল।
দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক জুয়েল শেখ (৩৫) অল্প পুঁজি নিয়েই মুদি দোকান দিয়েছেন। দোকানের এক কোণে রেখেছেন কাপড় ইস্ত্রির ব্যবস্থা। বাঁ পা হারানো জুয়েল শেখের দেখা মিলল সাভারের চাপাইন এলাকায় সিআরপি রোডে।
জুয়েলের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরের ইদিলপুর গ্রামে। ২০১৩ সালের ১৫ জানুয়ারি রানা প্লাজার তিনতলার একটি পোশাক কারখানায় চাকরি নেন। জুয়েল বলেন, ভবনধসের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর নামে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হয়। এ ছাড়া সিআরপি, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও প্রায় আড়াই লাখ টাকা অনুদান পেয়েছেন। ওই টাকায় সিআরপির পাশে গড়ে তুলেছেন মুদির দোকান। দোকান থেকে পাওয়া আয় আর সঞ্চয়পত্র থেকে পাওয়া টাকায় ভালোই চলে যায় সংসার।
মিঠুনও ব্যবসায়ী, তিহান করেন চাকরি
রানা প্লাজা ধসে মারাত্মক আহত মিঠুন হোসেনের (২৫) দেখা মিলল টাঙ্গাইলের নাগরপুরের আগ-দিঘুলীয়া গ্রামে। রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন মিঠুন। প্যান্টের কোথাও কোনো সমস্যা আছে কি না, তা তিনি ঘুরে ঘুরে দেখতেন। তিনি তৃতীয় তলায় ভবনের সামনের দিকে একটি দরজার কাছে ছিলেন। সেদিনের দুর্ঘটনায় গুরুতর আহত মিঠুন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এখনো। তবে দৃঢ় মনোবল আর একান্ত চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন। প্রথম আলো ট্রাস্ট থেকে তিনি এক লাখ টাকা সহায়তা পেয়েছেন। এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন আরও ছয় লাখ টাকা। ওই টাকায় তিনি সরিষা ভাঙানোর একটি তেলের মিল করেছেন। সেই মিলে দুই ভাই কাজ করছেন। বাড়ির জন্য জায়গা কিনেছেন। সেই জায়গায় টিনের চারচালা ঘর তুলেছেন। সংসারে এসেছে সচ্ছলতা।
মানিকগঞ্জের সাটুরিয়ার নতুন ভোঁয়া গ্রামের তিহান হোসেন (২৪)। রানা প্লাজার আটতলার একটি কারখানায় কাজ নেন। রানা প্লাজা ধসে ঘাড়, ডান হাত ও পায়ে আঘাত পান। এখন অনেকটাই সুস্থ। পুরোনো ক্ষত ভুলে নতুন করে জীবন শুরু করেছেন তিহান। বাংলালিংকে বিক্রয় প্রতিনিধি হিসেবে সাটুরিয়া উপজেলায় চাকরি করছেন।
নূরজাহান ও সাবিনা এখন স্বাবলম্বী
রানা প্লাজায় আহত হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের (৩০)। চিকিৎসা নেওয়ার পর চলে আসেন রাজবাড়ী সদর উপজেলার ভগীরথপুর গ্রামে নিজ বাড়িতে। দুই সন্তানের মা নূরজাহানের স্বামী মাসুদ ব্যাপারী পেশায় রাজমিস্ত্রি। ভবন থেকে পড়ে কোমরে আঘাত পান স্বামী। দুজনের চিকিৎসার পেছনেই অনেক টাকা বেরিয়ে যায়। আবার সংসারও চালাতে হয়। অনেক চিন্তাভাবনা করে বাড়ির পাশে একটি মুদি দোকান খুলে বসেন। সারা দিন নিজেই দোকানে বসেন। এ ছাড়া সরকারের তরফ থেকে করে দেওয়া সঞ্চয়পত্র থেকে মাসে ১০ হাজার টাকা পান।
একই গ্রামের বাসিন্দা সাবিনা (২২)। কাজ করতেন রানা প্লাজার সাততলায়। বিমের নিচে আটকা পড়ায় বড় ধরনের ক্ষতি হয়নি তাঁর। ঘণ্টাখানেক পড়ে তিনি মুক্ত হন। কিন্তু ততক্ষণে তাঁর ডান পা ভেঙে যায়। কয়েক মাস আগে পায়ের ভেতরের রড খুলে ফেলা হয়েছে। এখন মোটামুটি হাঁটতে পারেন। একটি বিদেশি সংস্থা তাঁকে একটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় আসবাবপত্র কিনে দেয়। এখন বাড়ি বসে সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন অরূপ রায়, সাভার; আবদুল মোমিন, মানিকগঞ্জ ও এজাজ আহম্মেদ, রাজবাড়ী]