ক্ষত শুকায়নি কুড়িয়ে পাওয়া শিশুটির
রাজধানীর পুরাতন বিমানবন্দর-সংলগ্ন ঝোপ থেকে কুড়িয়ে পাওয়া শিশুটির ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। কুকুরের কামড়ে শিশুটির ঠোঁটের ওপরের অংশ, নাকের ডগা, হাতের আঙুল ক্ষতবিক্ষত হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত এক দিন বয়সী মেয়েশিশুটি বিশেষ সেবাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল।
ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, শিশুটির ক্ষতস্থান পুরোপুরি শুকায়নি। ঠোঁটের ওপরের অংশটা কিছুটা শুকিয়ে এসেছে। কিন্তু খাওয়ানোর সময় মুখ হাঁ করতে হচ্ছে বলে সারতে কিছুটা সময় লাগছে। শিশুটি স্থিতিশীল হলেও এখনো ঝুঁকিমুক্ত নয়।
শিশুটিকে সার্জারি, নাক-কান-গলা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। কুকুরে কামড়ানোয় শিশুটিকে ধনুষ্টঙ্কার ও জলাতঙ্করোধী টিকা দেওয়া হয়েছে। শিশুটির জন্য গঠিত বোর্ড গতকাল তাকে পরীক্ষা করে দেখে। প্লাস্টিক সার্জনরা শিশুটির বয়স তিন মাস না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা যাবে না বলে মত দিয়েছেন। গতকাল পর্যন্ত কেউ শিশুটির অভিভাবকত্বের দাবি নিয়ে আসেননি। শিশুটি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও নার্সদের নিবিড় যত্নে আছে।
গত ১৫ সেপ্টেম্বর পুরাতন বিমানবন্দর–সংলগ্ন ঝোপ থেকে একদল শিশু নবজাতককে উদ্ধার করে।