
‘৩০ নভেম্বর ফাইনাল পরীক্ষা। আমি পরীক্ষা দিমু ক্যামনে।’ ককটেলে উড়ে গেছে ১০ বছরের তোফাজ্জলের ডান হাতের তিনটি আঙুল, ক্ষতবিক্ষত দুই হাতই। প্রচণ্ড ব্যথা-জ্বলুনি। এই অবস্থাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে কাঁদতে কাঁদতে পরীক্ষার কথা বলছিল শিশুটি।
গতকাল বুধবার দুপুরে তেজগাঁওয়ের শাহীনবাগ সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারের পাশে আবর্জনার স্তূপে পড়ে থাকা ককটেলকে ক্রিকেট বল মনে করে স্কচটেপ খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তোফাজ্জলের দুই হাত ক্ষতবিক্ষত হয় আর পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গী লোকমানের (৯) বাঁ হাত ঝলসে যায়। তোফাজ্জল সিভিল অ্যাভিয়েশন উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র। আর লোকমান শেরপুরের একটি এতিমখানায় থেকে পড়াশোনা করে। শাহীনবাগে চাচাতো ভাই মো. আলমের বাসায় বেড়াতে এসেছিল সে। ঘটনার পরপরই তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালের আগে ও পরে (২৬ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত) গত ২৬ দিনে এ নিয়ে ১৫টি শিশু ককটেলের আঘাতে গুরুতর জখম হয়েছে। ককটেলের আঘাতে শিশু রনি, সোহেল ও মুরাদকে হাত হারাতে হয়েছে। ককটেলের আঘাতে শিশু রহিমার চোখ নষ্ট হয়ে গেছে।
পঙ্গু হাসপাতালের চিকিৎসক মাহবুবুল হাসান প্রথম আলোকে বলেন, ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত তোফাজ্জলের ডান হাতের তিনটি আঙুল হারাতে হবে। আর লোকমানের বাঁ হাতের কবজি ঝলসে ও কেটে গেছে। তবে সে আশঙ্কামুক্ত।

তোফাজ্জল মা-বাবার সঙ্গে শাহীনবাগ সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারসংলগ্ন টিনের ছাপরা ঘরে ভাড়া থাকে। তার বাবা জামালউদ্দিন ফুটপাতের হকার।
হাসপাতালে চিকিৎসাধীন তোফাজ্জল (১০) বলে, ‘গতকাল দুপুরে আমি বন্ধুদের সঙ্গে স্কুলের পাশে একটি জঙ্গলে গিয়া খেলি। সেখান থেকে বাইর অইয়া একটি ময়লার ভাগাড়ে লাল রঙের একটি বল পড়ে থাকতে দেখি। এরপর সেটি থেকে টেনে কিছুটা টেপ খুলে ফেলি। এমন সময় সেটি হাতে ফুইট্যা যায়। বিস্ফোরণের পর বাঁ হাতটি অবশ হয়ে যায়। ডান হাতের আঙুলগুলো ছিঁড়ে গেছে। ঘটনাস্থল থেকে চিক্কর শুইন্যা মা আগাইয়া আসে। এরপর আমাদের হাসপাতালে নিয়া যায়।’
লোকমানের চাচাতো ভাই মো. আলম জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে লোকমানের বাবা আক্কাস আলী মারা যান। লোকমানকে ফেলে তার মা বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এরপর অসহায় এ শিশুকে শেরপুরের শ্রীবরদী এলাকার এতিমখানায় ভর্তি করা হয়।
তোফাজ্জলের পাশে তার মা ফরিদা বেগম ছেলের ব্যান্ডেজ মোড়ানো দুই হাতের দিকে তাকিয়ে তিনি কাঁদছেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, ছেলের চিকিৎসার টেহা কই পাইমু, জানি না।’ তোফাজ্জলের বাবা জামালউদ্দিন বলেন, প্রতিবেশীদের কাছ থেকে টাকা ঋণ করা ছাড়া ছেলেকে চিকিৎসা করানোর জন্য তাঁর হাতে কোনো টাকা নেই।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, হরতালের সময় ছুড়ে মারা অনেক ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, গতকালই এ রকমের একটি ককটেলকে বল ভেবে স্কচটেপ খুলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। বরাবরের মতো দুঃখজনকভাবে গরিব মানুষ এর শিকার হচ্ছে।
বিপ্লব কুমার বলেন, তেজগাঁও থানায় এ ব্যাপারে বিস্ফোরক উপাদান আইনে মামলা হবে।