ক্ষতবিক্ষত রাস্তা আর ভাঙা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প বৃষ্টিতেই খানাখন্দ ভরে গেছে পানিতে। তার ওপর দিয়েই হেলেদুলে চলছে যানবাহন। ছবিটি গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের পাননন্দইল থেকে তোলা l প্রথম আলো
অল্প বৃষ্টিতেই খানাখন্দ ভরে গেছে পানিতে। তার ওপর দিয়েই হেলেদুলে চলছে যানবাহন। ছবিটি গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের পাননন্দইল থেকে তোলা l প্রথম আলো

খুলনা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের দৈর্ঘ্য ২৫৫ কিলোমিটার। দক্ষিণবঙ্গের ছয়টি জেলার ওপর দিয়ে যাওয়া সড়কটির বেশ কিছু জায়গায় ছোট-বড় গর্ত হওয়ায় ঈদযাত্রায় ভোগান্তির শিকার হতে পারে এ অঞ্চলের মানুষ। কষ্ট আরও বাড়াতে পারে মাগুরায় ভেঙে পড়ে থাকা একটি সেতু।

রাজবাড়ীতে মহাসড়কটির ১৭ কিলোমিটার অংশ পড়েছে। এর মধ্যে বসন্তপুর, গোয়ালন্দের মোড় ও বাংলাদেশ হ্যাচারির মোড় এলাকায় এক শ মিটার জায়গা ঘূর্ণিঝড় ‘মোরা’র সময় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে। আবহাওয়া একটু অনুকূলে এলেই ক্ষতিগ্রস্ত অংশটি আমরা মেরামত করে দেব।’ ঈদের চার-পাঁচ দিন আগেই এ কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহাসড়কটির ৪৯ কিলোমিটার গেছে ফরিদপুরের ওপর দিয়ে। সড়কের এ অংশটি মোটামুটি চলাচলের উপযোগী, দাবি করে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, চলতি অর্থবছরে সড়কের ক্ষতিগ্রস্ত ৩২ কিলোমিটার অংশে মেরামতকাজ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সরেজমিনে সড়কের এ অংশ মোটামুটি ভালোই পাওয়া গেছে।

তবে স্থানীয় ব্যক্তিরা বলেন, কয়েকটি স্থানে সাপ্তাহিক হাট বসায় যানবাহন নির্বিঘ্নে চলতে সমস্যা হয়। এর মধ্যে রয়েছে ফরিদপুরের কানাইপুর, মধুখালী, বাগাট ও কামারখালী বাজার। সপ্তাহের সাত দিনই এগুলোর কোনো না কোনো স্থানে হাট বসে। বিশেষ করে এখন কানাইপুরে পাটের হাট বসায় রাস্তা দখল হয়ে যায়।

ফরিদপুরের অংশ ছেড়ে মাগুরার ভেতরে ঢুকে মহাসড়কের বেহাল চোখে পড়ে। বিশেষ করে মাগুরার ওয়াপদার মোড় থেকে ভায়নার মোড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশ ক্ষতবিক্ষত। রামনগর, কুচুনদি, পান পানাইল এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার অংশে পিচ ও খোয়া উঠে যাওয়ায় সড়কে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে অবস্থা আরও খারাপ হচ্ছে।

মাহেন্দ্র চালক শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামের চুন্নু শেখ বলেন, সড়কের এ অংশে গাড়ি লাফাতে লাফাতে যায়। গাড়িতে রোগী থাকলে খুবই বিপাকে পড়তে হয়। সবজিবাহী ট্রাকের চালক ফারুক সর্দার বলেন, মাগুরার ওয়াপদা থেকে ভায়নার মোড় পর্যন্ত পথ অতিক্রম করতে ঝাঁকি খেতে হয়। এক বছর ধরে এই রাস্তা খারাপ হয়ে আছে।

মাগুরায় এসে মহাসড়কটি দুই দিকে চলে গেছে। একটি অংশ ভায়নার মোড় হয়ে যশোরের দড়াটানা পর্যন্ত চলে গেছে। এ অংশের ২৩ কিলোমিটার অংশ পড়েছে মাগুরার মধ্যে। সড়কটি ভালো থাকলেও বাগড়া দিচ্ছে দুই জেলার সীমানায় অবস্থিত সীমাখালী সেতুটি। বেইলি সেতুটি কয়েক মাস আগে ভেঙে পড়ায় এ সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাতায়াত করতে হচ্ছে ভেঙে ভেঙে।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুন্নবী তরফদার বলেন, তাঁরা দ্রুতগতিতে সীমাখালী এলাকায় একটি বেইলি সেতু স্থাপনের কাজ করছেন। ঈদুল ফিতরের আগেই কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি।

এদিকে সীমাখালীতে সেতু ভেঙে পড়ায় বেশির ভাগ যানবাহন এখন ঝিনাইদহ হয়ে চলাচল করছে। ফলে যশোর ও খুলনা এলাকার মানুষকে বাড়তি ৪৫ কিলোমিটার ঘুরতে হচ্ছে। সড়কটির ৫৩ কিলোমিটার গেছে ঝিনাইদহের ভেতর দিয়ে। বর্তমানে সড়কে মেরামতকাজ করছে ঝিনাইদহ সড়ক বিভাগ। কাজ শেষের পথে। তবে বারোবাজার, দুলাল মন্দিয়া ও বিষয়খালীর কাছে দুই কিলোমিটার অংশের পিচ উঠে গেছে; সৃষ্টি হয়েছে ছোটবড় গর্তের।

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বলেন, ‘মেরামতকাজে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, তাতে রাস্তা শতভাগ ঠিক করা সম্ভব নয়। তবে আমরা দ্রুততার সঙ্গে মেরামতকাজ করছি। ঈদের আগেই কাজ শেষ হয়ে যাবে।’

ঢাকা-খুলনা মহাসড়কের ৫২ কিলোমিটার যশোরের মধ্যে আছে। ১১ মাসে আগে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু বকচর এলাকার র‌্যাব কার্যালয় থেকে মুড়ুলি মোড়ের আগ পর্যন্ত সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ এক ফুটের মতো দেবে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

সড়ক বিভাগ বলছে, বৃষ্টির মৌসুম চলে আসায় এ অংশ এখন মেরামত করা সম্ভব নয়। এ জন্য ইট ফেলে সড়কটি চলাচলের উপযোগী রাখার চেষ্টা চলছে।

যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মহাসড়কটির বর্তমান অবস্থা ভালো। বৃষ্টির কারণে সড়কের কয়েকটি জায়গায় গর্তের সৃষ্টি হয়েছিল, সেটি আমরা মেরামত করে ফেলেছি।’ তিনি বলেন, বকচর মুড়ুলি মোড় এলাকায় দেবে যাওয়া অংশটি মেরামতের জন্য বিসমিল্লাহ ট্রেডার্স নামের যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছিল, তাদের চিঠি দেওয়া হয়েছে।

খুলনার ভেতর দিয়ে মহাসড়কটির বাইপাসসহ ৩৬ কিলোমিটার অংশ রয়েছে। খুলনা, ফরিদপুর ও রাজবাড়ীর মতো এ অংশও চলাচলের উপযোগী রয়েছে। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, এ মহাসড়কের খুলনার অংশের অবস্থা ভালো রয়েছে। ফলে ঈদযাত্রায় মানুষজনকে ভোগান্তি পোহাতে হবে না বলে তিনি আশা করছেন।

এ ছাড়া এই মহাসড়কের বেশকিছু অপরিকল্পিত গতিরোধক, সড়কের ওপর বাজার ও অবৈধ স্থাপনা যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটনায়। ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, মহাসড়কের কোনো শর্ত ঢাকা-খুলনা সড়কে মানা হয় না। দুই পাশে কমপক্ষে ২০ ফুটের মধ্যে কোনো স্থাপনা বা গাছ থাকার বিধান না থাকলেও তা মানা হয় না। তিন চাকার যান, ভ্যান, রিকশা, গরুর গাড়ি অবাধে মহাসড়কে চলাচল করে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন আজাদ রহমান, ঝিনাইদহ; পান্না বালা, ফরিদপুর; মনিরুল ইসলাম ও মাসুদ আলম, যশোর এবং কবির হোসেন]